কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১৩ সেপ্টেম্বর: সিপিএমের সর্বভারতীয় সম্পাদক সীতারাম ইয়েচুরি সহ বিশিষ্ট রাজনীতিবিদ, সাংবাদিক, ডাক্তারের বিরুদ্ধে ষড়যন্ত্র মামলার প্রতিবাদে সিপিএম আজ দাসপুরের নাড়াজোল বাজারে মিছিল ও বিক্ষোভ সভা করে। নাড়াজোল বাজারের পূর্ব পশ্চিম এবং উত্তরে প্রায় দু’কিলোমিটার পরিক্রমা করে প্রতিবাদ মিছিলটি। উপস্থিত ছিলেন সিপিএম জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য ও প্রাক্তন বিধায়ক রামেশ্বর দোলুই, জেলা কমিটির সদস্য গুণধর বোস, দীনবন্ধু বেরা, ধীরেন পাত্র সহ দাসপুর এবং নাড়াজোল এর সিপিআইএম এর নেতৃত্ব।

কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তর সীতারাম ইয়েচুরি সহ ডাক্তার, আইনজীবী, সমাজকর্মী, সাংবাদিকদের যুক্ত করে যে চার্জশিট পেশ করেছে তার বিরুদ্ধে সারা দেশের সঙ্গে দাসপুরের নাড়াজোলে প্রতিবাদ বিক্ষোভ হয়। সিপিএম নেতৃত্বেরা তাদের বক্তব্যে বলেন, কেন্দ্রীয় সরকার প্রতিহিংসার রাজনীতি করছে এবং পুলিশকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। গত বছর নভেম্বর মাস থেকে করোনা সংক্রমণের আগে পর্যন্ত জনগণের স্বার্থে সিএএ এবং এনআরসি’র প্রতিবাদে যে বিপুল সংখ্যক মানুষ প্রতিবাদে সামিল হয়েছিলেন তাদের নাম চার্জশিটে যুক্ত করা হয়েছে। যা সম্পূর্ণভাবে উদ্দেশ্যপ্রণোদিত। বিজেপির স্বৈরাচার এবং দমনমূলক আইনের বিরুদ্ধে লাগাতার প্রতিবাদ মিছিল চলবে বলে সিপিএম নেতৃবৃন্দ জানান। বিজেপির বিরুদ্ধে সমস্ত দেশপ্রেমী, ধর্মনিরপেক্ষ, মানুষের কাছে এই আন্দোলনে শামিল হওয়ার ডাক দিয়েছে সিপিআইএম। সিপিএম নেতারা বলেন, ঘোষিত না হলেও সত্তরের দশকের থেকেও বেশি ভয়ঙ্কর অবস্থা এখন তৈরি হয়েছে দেশ জুড়ে।

