Protest Rally, Bankura, ইরানে মার্কিন-ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে বাঁকুড়ায় প্রতিবাদ সভা

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৫ মার্চ:
ইরানে মার্কিন-ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে ধিক্কার জানাতে আজ বাঁকুড়া স্টেশনে এক প্রতিবাদ সভা আয়োজিত হয়। বিশ্ব জনমতকে উপেক্ষা করে যুদ্ধবাজ ট্রাম্প- নেতানিয়াহুর নেতৃত্বে মার্কিন- ইসরাইলের অশুভ জোট সারা পৃথিবীতেই যুদ্ধ উন্মাদনা তথা যে সঙ্কটের সৃষ্টি করেছে তার তীব্র নিন্দা করে বক্তব্য রাখেন উপস্থিত বক্তারা।

প্যালেস্তাইন তথা গাজা ভূ- খন্ডে নারী ও শিশু সহ ৭০,০০০ মানুষকে হত্যার পর একই পদ্ধতিতে ইরানের প্রাথমিক বিদ্যালয়ে বোমাবর্ষণ করে ৫/৬ বছর বয়সি দেড় শতাধিক শিশুকে যেভাবে হত্যা করা হলো তা ক্ষমার অযোগ্য অপরাধ বলে উল্লেখ করেন তারা। আর এত কান্ডের পরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগ্রাসন বা শিশু হত্যার নিন্দা না করে নীরব থেকে যেভাবে ট্রাম্প- নেতানিয়াহুর পদলেহন করে চলে বিশ্বের দরবারে দেশের মান সম্মান ভূ- লুণ্ঠিত করে চলেছেন তার বিরুদ্ধেও সভা থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়।

দেবল দত্ত’র যুদ্ধ বিরোধী গানের মাধ্যমে সভার সূচনা হয়। সভায় বক্তব্য রাখেন এআইপিএসও’র বাঁকুড়া জেলা প্রস্তুতি কমিটির দুই সাধারণ সম্পাদক প্রতীপ মুখার্জি ও ভাস্কর সিংহ, সভাপতি মন্ডলীর সদস্য বাবলু ব্যানার্জি, অন্যতম উপদেষ্টা সুনীল পাত্র। অন্যান্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন কৃষক নেতা ষড়ানন পান্ডে, শ্রমিক নেতা তপন দাস প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *