হিন্দু হোস্টেল ও গার্লস হোস্টেল খোলার দাবিতে প্রেসিডেন্সিতে বিক্ষোভ মিছিল

আমাদের ভারত, কলকাতা, ৭ ফেব্রুয়ারি: হিন্দু হোস্টেল ও গার্লস হোস্টেল খোলার দাবিতে সোমবার এসএফআই পড়ুয়ারা প্রেসিডেন্সির কলেজ স্ট্রিট চত্বরে বিক্ষোভ মিছিল করে।

এক বিবৃতিতে তারা জানিয়েছে, “ছাত্রছাত্রীদের দীর্ঘ আন্দোলনের পর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ক্যাম্পাস খুলতে বাধ্য হয়েছে এবং ইতিমধ্যেই কলেজের বিভিন্ন বিভাগে অফলাইন ক্লাসও শুরু হয়ে গেছে। তবে দূরত্বের কারণে বহু ছাত্রছাত্রী অফলাইন ক্লাসে উপস্থিত থাকতে পারছে না। তাই আজ হিন্দু হোস্টেল ও গার্লস হোস্টেল খোলার দাবি নিয়ে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এসএফআই ইউনিটের তরফ থেকে ক্যাম্পাস জুড়ে বিক্ষোভ মিছিল করা হয়েছে। অবিলম্বে হোস্টেল খোলা নিয়ে যদি কোনো সঠিক তথ্য কর্তৃপক্ষ না দেয় তবে বৃহত্তর আন্দোলনই একমাত্র পন্থা হয়ে দাঁড়াবে – তা জানিয়ে আজ ডিন অফ স্টুডেন্টস’ কে প্রেসিডেন্সি এসএফআই ইউনিটের তরফ থেকে ডেপুটেশন জমা দেওয়া হলো।”

তাদের বক্তব্য, “হোস্টেল খোলার দাবি নিয়ে আমরা যে বৃহত্তর আন্দোলনের দিকে এগিয়ে যেতে চলেছি, সেই আন্দোলনে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সমগ্র ছাত্রদলকে আহ্বান জানানো হচ্ছে।“

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *