আর্মিতে নিয়োগের দাবিতে ঝালদা শহরে বিক্ষোভ মিছিল চাকুরি প্রার্থীদের

সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ৮ মে: আর্মিতে নিয়োগের দাবি জানিয়ে ঝালদা শহরে বিক্ষোভ মিছিল করলেন সংগঠিত চাকুরি প্রার্থীরা। দু’বছর আগে আবেদন পত্র জমা দেওয়ার পর এখনও নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি। এই সময়ের মধ্যেই অনেকের বয়সের মাপকাঠি পেরিয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন তাঁরা। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট বিভাগ নীরব থাকায় অশনি সংকেত দেখা দিয়েছে আবেদনকারীদের মনে।

পুরুলিয়া- বাঁকুড়া সহ রাজ্যের বেশ কিছু জেলার আর্মি পদ প্রার্থীরা সমবেত হন ঝালদা সত্যভামা বিদ্যাপীঠ ময়দানে। সেখান থেকে তাঁরা মিছিল করে প্রায় দুই কিলোমিটার দূরে ঝালদা অচ্ছুরাম মেমোরিয়াল কলেজ পর্যন্ত যান।

তাঁদের এই কর্মসূচির বিষয়ে আর্মি পদপ্রার্থী লক্ষ্মণ মাহাতো ও রাজীব মাহাতো জানান, “আমাদের দাবি, গত দুই বৎসর ধরে আর্মি ভর্তির সুযোগ পাচ্ছি না। আমাদের মধ্যে অনেকে আজ থেকে দুই বৎসর আগে আর্মি ভর্তির আবেদন পত্র জমা দেওয়ার পরেও ভর্তির কোনো পদক্ষেপ নিচ্ছে না দফতর। শুধু তারিখ আর তারিখ দিয়ে যাচ্ছে। তাই অবিলম্বে ভর্তি ও দুই বৎসরের বয়সের ছাড় দেওয়ার দাবি জানাচ্ছি আমরা।” দাবি না মানা হলে বড়ো আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *