কলেজের অস্থায়ী কর্মচারীদের তৃণমূলের ক্যাডার, অশিক্ষিত বলার প্রতিবাদে মিছিল পিংলা কলেজে

আমাদের ভারত, ১৮ ফেব্রুয়ারি: কলেজে কর্মরত ক্যাজুয়াল কর্মচারীদের প্রতি, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ‘অশালীন অপ্রীতিকর’ মন্তব্যের প্রতিবাদে শুক্রবার পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়িজ সমিতি বিক্ষোভ দেখায়। আজ পশ্চিম মেদিনীপুরের পিংলা কলেজে বিক্ষোভ কর্মসূচি হয়।

সমিতির রাজ্য কমিটির ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজ্য জুড়ে কলেজে কর্মরত ক্যাজুয়াল কর্মচারীরা সংগঠিত ভাবে বিরোধী দলনেতার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এ দিন পিংলা কলেজের অস্থায়ী কর্মচারীরা কলেজ গেটে ধিক্কার মিছিল করেন।

প্রসঙ্গত গত ১৪ ফেব্রুয়ারি কলকাতার আশুতোষ কলেজের সামনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রকাশ্যে কলেজের অস্থায়ী কর্মচারীদের তৃণমূলের ক্যাডার, অশিক্ষিত ও এলাকার লুম্পেন নামে অভিহিত করেন। কলেজ ক্যাজুয়াল কর্মচারীদের ভবিষ্যত অন্ধকার বলে বিরোধী দলনেতা ভবিষ্যৎবানী করেন। রাজ্য জুড়ে কলেজে কলেজে কর্মরত ক্যাজুয়াল কর্মচারীরা বিরোধী দলনেতার এই বক্তব্যের নিন্দা জানিয়ে প্রতিবাদ কর্মসূচি গ্রহন করেন।

এদিনের এই প্রতিবাদ কর্মসূচি সম্পর্কে পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়িজ সমিতির মুখপাত্র সব্যসাচী গুছাইত এই প্রতিবেদককে জানান, সংগঠনের রাজ্য সভাপতি সুশান্ত পান্ডা সমাবেশেবক্তৃতা দেন। সুশান্তবাবু বলেন- কলেজ অস্থায়ী কর্মচারীদের সম্পর্কে বিরোধী দলনেতার এহেন বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। এ হেন বক্তব্য সমর্থনযোগ্য নয়। বিরোধী দলনেতা উদ্দেশ্য প্রনোদিতভাবে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য অসহায় কলেজ ক্যাজুয়াল কর্মচারীদের কেন বেছে নিলেন, তা উনিই ভালো বলতে পারবেন।

সুশান্তবাবু বলেন, রাজ্য জুড়ে প্রতিটি কলেজে আমাদের এই কর্মসূচি চলছে। ২২ শে ফেব্রুয়ারি কলকাতায় আমরা বৃহৎ আকারে ধিক্কার সভা‌ করে বিরোধী দলনেতার এ হেন বক্তব্যের যেমন প্রতিবাদ জানাবো, ঠিক তেমনি আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমাদের কর্মনিশ্চয়তা ও কাজের সরকারী স্বীকৃতির আর্জি জানাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *