ব্যাঙ্ক বেসরকারিকরণের বিরুদ্ধে অফিসারদের প্রতিবাদ সভা

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৯ নভেম্বর: কেন্দ্রীয় সরকারের ব্যাঙ্ক বেসরকারিকরণের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলতে মেচেদাতে প্রস্তুতি প্রতিবাদ সভা করলো ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশন। কেন্দ্রীয় সরকার সরকারি জাতীয় ব্যাঙ্কগুলিকে বেসরকারিকরণের পথে হাঁটতে চলেছে এমনটাই দাবি ব্যাঙ্ক অফিসার্স অ্যাসোসিয়েশনের। তাই তারই প্রতিবাদে শুক্রবার পূর্ব মেদিনীপুরের মেচেদার একটি বেসরকারি গেস্ট হাউসে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশনের ডাকে আজ সকাল ১১টা থেকে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। মূলত ব্যাঙ্ক বেসরকারিকরণের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলতে প্রস্তুতি হিসেবে এই প্রতিবাদ সভা।

আগামী ২৯ নভেম্বর আসন্ন লোকসভার শীতকালীন অধিবেশনে ব্যাঙ্কিং সহ আরও কয়েকটি সরকারি সংস্থার বেসরকারিকরণের বিল পেশের সম্ভাবনা আছে কেন্দ্রীয় সরকারের। তাই এই বেসরকারিকরণের প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ এই সভা করা হল। আগামী ২৪ নভেম্বর ব্যাঙ্ক অফিসারদের সর্ববৃহৎ সংগঠন দেশব্যাপী ভারত যাত্রা শুরু করতে চলেছে। ব্যাঙ্ক অফিসাররা সমগ্র দেশব্যাপী সাক্ষরতা অভিযান ও গ্রাম স্তরে সভা করছে গত এক মাস ধরে। আজ মেচেদায় হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর ও উত্তর ২৪ পরগণার কিছু অংশের অফিসারদের নিয়ে গঠিত সংগঠনের জোনাল সভা হল এদিন। এদিনের সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পাঁশকুড়া পূর্বের বিধায়ক বিপ্লব রায়চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশনের পশ্চিমবঙ্গ ও সর্বভারতীয় সহ সভাপতি ও ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশনের সর্ব ভারতীয় সভাপতি সঞ্জয় দাস সহ অন্যান্য আরও অতিথি বৃন্দ।

বিধায়ক বিপ্লব রায় চৌধুরী বক্তব্য রাখতে গিয়ে বলেন, কংগ্রেসের আমলে ব্যাঙ্ক জাতীয়করণ হয়েছে। তার আগে বহু বেসরকারি ব্যাঙ্ক ইচ্ছাকৃতভাবে লালবাতি জ্বেলে মানুষকে সর্বশান্ত করেছে। এরফলে পুনরায় ব্যাঙ্ক বেসরকারিকরণ হলে সাধারণ মানুষের সর্বনাশ হবে। তাই সাধারণ মানুষের স্বার্থে তিনি বা তৃণমূল কংগ্রেস এই আন্দোলনের পাশে আছেন।

অফিসার্স অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সহ সভাপতি সঞ্জয় দাস বলেন, কৃষকদের জোরদার আন্দোলনের ফলে কেন্দ্রীয় সরকার কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। তেমনি আমাদেরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে হবে যার ফলে সরকার পিছু হটতে বাধ্য হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *