পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৭ জানুয়ারি: বেলডাঙায় মহিলা সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মেদিনীপুরে ধিক্কার মিছিল করলো সাংবাদিকরা।
শুক্রবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় খবর সংগ্রহে গিয়ে আক্রান্ত হয় সংবাদ মাধ্যম। বেশ কিছু সাংবাদিক এবং চিত্র সাংবাদিকদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। কারো ফাটিয়ে দেওয়া হয় মাথা, মহিলা সাংবাদিককে রাস্তায় ফেলে দেওয়া হয় মার। ঘটনায় বেশ কিছু জন ভর্তি হাসপাতালে।

গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম। এই সংবাদমাধ্যমের প্রতিনিধিদের উপর হামলার ঘটনায় গর্জে উঠলো সমস্ত জেলার সাংবাদিকরা। আজ শনিবার বেলা প্রায় বারোটা নাগাদ মেদিনীপুর শহরে ধিক্কার মিছিল করে সাংবাদিকরা। পশ্চিম মেদিনীপুর জেলার সাংবাদিকরা অংশগ্রহণ করেন এই মিছিলে। এদিন দুপুরে মেদিনীপুর শহরের পঞ্চুরচক থেকে জেলাশাসকের দপ্তর পর্যন্ত প্রতিবাদ মিছিল আয়োজিত হয়। সংবাদ মাধ্যমকে হেনস্থার ঘটনায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবি জানানো হয় সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের তরফে।

