আমাদের ভারত, ৫ নভেম্বর: দুর্গাপূজার সময় বাংলাদেশের কুমিল্লার নোয়াখালী সহ বহু জেলায় সেদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে নিউইয়র্কে একাধিক জায়গায় বড় বড় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা সংগঠিত হয়েছে। এই সমাবেশে শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের মানুষই নন, সমাজের সবস্তরের মানুষ উপস্থিত ছিল বলে জানা গেছে।
বাংলাদেশি হিন্দু ইন ইউএসএ, হরিচাঁদ গুরুচাঁদ আন্তর্জাতিক মতুয়া মিশন, মহিলা হিন্দু সংগঠন সহ একাধিক সংগঠনের ব্যানারে টাইম স্কোয়ারে, জ্যাকসন হাইটসে, জামাইকা শহর সহ কমপক্ষে দশটি স্থানে এই বিক্ষোভ মিছিল সংঘটিত হয়। গত ২৩ অক্টোবর ওয়াশিংটনে স্টেটস ডিপার্টমেন্ট অফিস ভবনের সামনে এই সাম্প্রদায়িক অত্যাচারের ঘটনার বিরুদ্ধেও সভা-সমাবেশ হয়।
এই বিক্ষোভ মিছিলগুলিতে নেতৃত্ব দেন, হিন্দু নেতা বিদ্যুৎ সরকার, দিলীপ নাথ, শ্যামল চক্রবর্তী, প্রিয়োতোষ দে, দীপক দে, ডঃ শশি, সুশীল সিং, চম্পা বণিক, বাণীব্রত ঘোষ, বিপ্লব দত্ত, মিতা চক্রবর্তী। এই সমাবেশ থেকে তাঁরা অভিযোগ করেন, বাংলাদেশের সাম্প্রদায়িক হামলার ঘটনায় মৌলবাদীরা জড়িত। আর তাদের সাথে হাত মিলিয়েছে সেদেশের বর্তমান সরকারও। সেটা যদি না হতো তাহলে, মন্ত্রী-এমপিরা ঘটনার সুষ্ঠু তদন্ত না করে একের পর এক মিথ্যা বিবৃতি দিতে পারতেন না।
এই বিক্ষোভ সমাবেশগুলিতে বাংলাদেশের একাধিক মন্ত্রী ও সাংসদের নাম ধরে মিথ্যুক মিথ্যুক বলেও স্লোগান দেওয়া হয়। বিক্ষোভকারীরা বলেন, বাংলাদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষ বিভেদ ভুলে একসাথে বাস করবে এটাই আমরা আশা করি। আমরা যে যেখানেই থাকি, দিনের শেষে আমরা সবাই বাঙালী। এই চেতনা সবাইকে ধারণ করার জন্য আহ্বান জানান তারা। একইসঙ্গে এই সাম্প্রদায়িক হিংসাত্মক ঘটনা যারা ঘটিয়েছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন তারা।

