তিস্তা উদ্যান সামাজিক অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সিপিএম– এর

আমাদের ভারত, জলপাইগুড়ি, ৮ ডিসেম্বর: তিস্তা উদ্যানে ১ জানুয়ারি থেকে সামাজিক অনুষ্ঠান করার জন্য উদ্যানের জায়গা ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উদ্যান ও কানন বিভাগ। এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আন্দোলনে নামল জলপাইগুড়ি সিপিএম সদর পূর্ব এরিয়া কমিটি।

বৃহস্পতিবার জলপাইগুড়ি তিস্তা উদ্যানের সামনে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখালেন নেতা কর্মীরা৷ শিশুদের বিনোদনের জন্য পার্ক, সেই পার্কে সামাজিক অনুষ্ঠান যেমন বিয়ে বাড়ির অনুষ্ঠান, জন্মদিন সহ বিভিন্ন অনুষ্ঠান করলে পার্কের পরিবেশ নষ্ট হবে এবং পার্ক ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি শহরের সুস্থ সংস্কৃতির পরিবেশে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে বলে অভিযোগ। অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিলের দাবি তুলে উদ্যান ও কানন বিভাগের ডিএফও উদ্দেশে স্মারক লিপি তুলে দিলেন নেতা কর্মীরা।

সিপিএম নেতা বিপুল স্যানাল বলেন, তিস্তা উদ্যানে শিশু থেকে বয়স্করা আসেন। এখানে সামাজিক অনুষ্ঠান কোনওভাবেই করা যাবে না। এই প্রতিবাদ জানিয়ে দাবিপত্র তুলে দেওয়া হল।” জলপাইগুড়ি তিস্তা উদ্যানের রেঞ্জ অফিসার মানিক রাউত বলেন, “১ জানুয়ারি থেকে পার্কে সামাজিক অনুষ্ঠান করার জন্য ভাড়া দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সরকারের তরফ থেকে। আজকে সিপিএমের পক্ষ থেকে এই সিদ্ধান্তের প্রতিবাদে স্মারকলিপি দিলেন। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দাবি তুলে দেব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *