রাস্তা মেরামতের দাবিতে জলপাইগুড়ি শহরে বিক্ষোভ, অবরোধ

আমাদের ভারত, জলপাইগুড়ি, ১২ আগস্ট: প্রায় দেড় বছর ধরে বেহাল দশা জলপাইগুড়ি শহরের স্পোর্টস কমপ্লেক্স থেকে গৌড়ীয় মঠের গুরুত্বপূর্ণ রাস্তা।প্রতিবাদে শুক্রবার প্রতীকি রাস্তা অবরোধে সামিল হল স্থানীয় ২৪ নম্বর ওয়ার্ড কমিটির কংগ্রেসের নেতা কর্মী ও সমর্থকরা। রাস্তা অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয় শহরে৷

স্পোর্টস কমপ্লেক্স থেকে গৌড়ীয় মঠের গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। এরপরেও রাস্তা সংস্কারের কোনও উদ্যোগ গ্রহণ করছে না এসজেডি (শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ)। বেহাল রাস্তায় প্রতিদিন ছোট বড় দুর্ঘটনা হচ্ছে। বৃষ্টির জন্য দুর্ঘটনা আরও বাড়ছে বলে অভিযোগ। মাঝে মাঝেই টোটো উল্টে যায়। এই রাস্তার পাশে রয়েছে স্কুল অন্যদিকে হাসপাতাল, ফলে সবসময় বহু মানুষ যাতায়াত করেন।

এদিন পুরাতন পুলিশ লাইনের গৌড়ীয় মঠের সামনে রাস্তা অবরোধ করেন ২৪ নম্বর ওয়ার্ড কমিটি তথা কংগ্রেস নেতা কর্মীরা। আন্দোলনে কংগ্রেসের দলীয় পতাকা নিয়ে সামিল হয় সকলে। ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা টাউন ব্লক কংগ্রেস সভাপতি অম্লান মুন্সি বলেন,”ঠিকাদারের সঙ্গে গোপন আঁতাত রয়েছে। এই কারণে রাস্তা সংস্কার হচ্ছে না। দ্রুত রাস্তা সংস্কার না হলে এসজেডিএ ঘেরাও করা হবে।”

এক টোটো চালক উত্তম সরকার বলেন, “দেড় বছর থেকে বেহাল দশা রাস্তা৷ প্রায় দিনই দুর্ঘটনা হচ্ছে। রাস্তা সংস্কার করা হোক এই দাবি জানাই।”

ঘটনাস্থলে পৌঁছয় ট্র‍্যাফিক পুলিশ ও কোতোয়ালি থানার পুলিশ। প্রায় আধ ঘণ্টা প্রতীকি অবরোধ করে সাত দিনের মধ্যে রাস্তা সংস্কার না হলে এসজেডিএ ঘেরাও করে বিক্ষোভ দেখাবেন আন্দোলনকারীরা হুমকি দিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *