বিনা কারণে প্রাণ গেল পরিচারিকার, কাজের বাড়িতে সুরক্ষার দাবিতে পুরুলিয়া সদর থানায় অবস্থান বিক্ষোভ

সাথী দাস, পুরুলিয়া, ২৯ আগস্ট: কাজের বাড়িতে সুরক্ষার দাবিতে পুরুলিয়া সদর থানায় অবস্থান বিক্ষোভ করলেন সংগঠিত পরিচারিকারা। শতাধিক পরিচারিকা জমায়েত হন থানা চত্বরে। পুরুলিয়া শহরে পরিচারিকা খুনের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন বলে জানান তাঁরা। একজন নিরপরাধকে অন্যের বাড়িতে কাজ করতে গিয়ে খুন হতে হল। এই ঘটনা বার বার উঠে আসে বিক্ষোভরত পরিচারিকাদের মুখে।

বিক্ষোভের নেতৃত্ব দেওয়া পরিচারিকা সংগঠনের সম্পাদিকা শোভা মাহাতো বলেন, “পুরুলিয়ায় এই ধরনের ঘটনা ভাবতেও পারিনি। লোকের বাড়িতে আন্তরিকতার সঙ্গে কাজ করি আমরা। অভাবের তাড়নায় সামান্য টাকার বিনিময়ে কাজ করতে গিয়ে যদি প্রাণ গেল পার্বতী বাদ্যকরকে। আমরা এই ধরনের ঘটনা যেন না ঘটে তার জন্য পুলিশকে আশ্বস্ত করতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। মৃতার পরিবারকে অন্তত ৫ লক্ষ টাকা দিতে হবে।”

মৃতার স্বামী পশুপতি বাদ্যকর বলেন, “অভাবের ঘরে পার্বতীকে পরিচারিকার কাজ করতে পাঠিয়ে কাল হল। বিনা কারণে জীবন চলে গেল। দোষীদের চরম শাস্তি চাই।”

প্রসঙ্গত, গতকাল পুরুলিয়া শহরের ১৮ নম্বর ওয়ার্ডের দর্জি পাড়া এলাকায় স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে পরিচারিকার দেহ উদ্ধার হয়। ক্ষত বিক্ষত অবস্থায় স্বর্ণ ব্যবসায়ীর স্ত্রী বর্তমানে দুর্গাপুরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মৃতা পরিচারিকার নাম পার্বতী বাদ্যকার (৫৫)। তাঁর বাড়ি পুরুলিয়া শহরের ১৯ নম্বর ওয়ার্ডের সরিষা বাড়ি এলাকায়। বাড়িতে স্বামী, ছেলে রয়েছেন। অভাবের ঘরে উপার্জনকারীর মৃত্যুতে চরম সমস্যায় পড়েছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *