পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৩ এপ্রিল: সারা রাজ্যজুড়ে সরকার বিরোধী আন্দোলনের উপর পুলিশের নির্মম অত্যাচার এবং আন্দোলনকারীদের আটক করে রাখার অভিযোগে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, ভারতের ছাত্র ফেডারেশন ও সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে থানায় থানায় ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হয়েছে রাজ্যজুড়ে।

বিগত বেশ কিছু মাস ধরে লক্ষ্য করা যাচ্ছে হাওড়া, বর্ধমানের পর গত ১১ এপ্রিল উত্তর ২৪ পরগনার বারাসতে ছাত্র যুবদের ডিএম অফিস অভিযানের উপর পুলিশের নির্মম অত্যাচার, লাঠিচার্জ এবং ১০ জন ছাত্র যুব নেতাকে আটক করার ঘটনা ঘটে। এখনো পর্যন্ত দশজনকে মুক্তি দেওয়া হয়নি, ২৬ এপ্রিল পর্যন্ত তাদের পুলিশ হেপাজতের নির্দেশ দেওয়া হয়েছে। অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তি দাবিতে এবং বারবার ধরে সরকার বিরোধী আন্দোলনের ওপর পুলিশের অত্যাচারের প্রতিবাদে সারা রাজ্যজুড়ে সমস্ত থানায় ডেপুটেশন ও বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়েছে রাজ্য কমিটির পক্ষ থেকে।
আজ মেদিনীপুর শহরে এসএফআই, ডিওয়াইএফআই ও এআইডিডাবলুএ মিছিলের মাধ্যমে গিয়ে কোতওয়ালি থানায় অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচিতে সামিল হন। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন ছাত্রনেতা অভিষেক চ্যাটার্জি, যুবনেতা সুব্রত চক্রবর্তী, মহিলা নেত্রী ক্ষমা ভৌমিক ও মাম্পি সাহা। থানার গেটে বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন এসএফআইয়ের জেলা সম্পাদক রনিত বেরা, মহিলা রাজ্যনেত্রী পাপিয়া সরকার চৌধুরী, সভাপতিত্ব করেন মানস প্রামানিক।

