গোঘাটে কৃষকদের উপর অত্যাচারের তদন্ত সহ বিভিন্ন দাবিতে বড়জোড়ায় কিষান মোর্চার বিক্ষোভ ও ডেপুটেশন

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১১ ডিসেম্বর: গোঘাটে কৃষকদের উপর অত্যাচারের সঠিক তদন্ত ও দোষীদের উপযুক্ত শাস্তি সহ কয়েকদফা দাবিতে বিজেপির কৃষক সংগঠন ভারতীয় জনতা কিষাণ মোর্চার বড়জোড়া মন্ডল ১-এর পক্ষ থেকে ব্লক কৃষি আধিকারিকের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। আজ সকাল সাড়ে ১০ নাগাদ একটি বিক্ষোভ মিছিল শিল্পাঞ্চল পরিক্রমা করে কৃষি আধিকারিক অফিসের সামনে পথসভা করে। সেখানে দলীয় ও সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

ডেপুটেশন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, সংগঠনের বড়জোড়া মন্ডল ১- এর সভাপতি সুরজিৎ দাস, মন্ডল ২- এর সভাপতি আদিত্য মান, দুলাল বাসু, বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তাপস বোস, কিষাণ মোর্চার জেলা ইনচার্জ অনুপম পাল, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি অরূপ দে ও দলের বড়জোড়া মন্ডলের সভাপতি গোবিন্দ ঘোষ।

তাদের দাবি, গোঘাটে কৃষকদের উপর অত্যাচারের সঠিক তদন্ত করে দোষীদের কঠোর শাস্তি দিতে হবে। এছাড়াও মিগজাউমের ফলে কৃষকদের যে ক্ষতি হয়েছে, তাতে জন্য তাদের শষ্য বীমার টাকা ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে। আলু চাষিরা যাতে সরকারের কাছ থেকে পঞ্জাব থেকে আনা আলু বীজ পান তার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি কীটনাশক ও রাসায়নিক সারের
কালোবাজারি বন্ধ করে চাষিদের ন্যায্য মূল্যে তা দেওয়ার ব্যবস্থা করতে হবে।

এদিন সংগঠনের পক্ষ থেকে ব্লক কৃষি আধিকারিকের দফতরে স্মারকলিপি জমা দেওয়া হয়। ব্লক কৃষি দফতরের সহ কৃষি আধিকারিক গৌতম মজুমদার জানিয়েছেন, বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *