স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৭ জুন: সোস্যাল মিডিয়ায় আপত্তির পোষ্ট করার অভিযোগে গতকাল সন্ধ্যায় বিজেপির নবদ্বীপ শহর উত্তর মন্ডলের সম্পাদক তন্ময় কুন্ডুকে গ্রেফতার করে নবদ্বীপ থানার পুলিশ। বিজেপির অভিযোগ এই খবর পেয়ে গতকালই তারা, নবদ্বীপ থানায় গেলে নবদ্বীপ থানার পুলিশ তাদের সাথেও খারাপ ব্যবহার করে। এরই প্রতিবাদে আজ বেলা ১২ টায় নবদ্বীপ শহরের সরকার পাড়া মোড়ে নেতাজীর মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখায় বিজেপি।

এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির নদিয়ায় জেলা উত্তরের সভাপতি অর্জুন বিশ্বাস, রাজ্য মহিলা নেতৃ অপর্ণা নন্দী সহ জেলার একাধিক নেতৃত্ব ও নবদ্বীপ শহরের বিজেপি কর্মী ও নেতারা।
বক্তব্যে বক্তারা পুলিশের ভূমিকা নিয়ে ও তৃণমূল সরকারকে ঝাঁজালো আক্রমন করেন। পাশাপাশি গ্রেফতার হওয়া বিজেপি কর্মীকে অবিলম্বে না ছাড়লে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলেও জানায়।

সুত্র মারফত জানা যায়, আজই গ্রেফতার হওয়া বিজেপি নেতাকে জামিন অযোগ্য ধারায় অভিযোগ দায়ের করে নবদ্বীপ থানার পুলিশ আদালতে পাঠিয়েছে।

