তপন কান্দুর খুনের প্রতিবাদ ইভিএমে, বিশাল ব্যবধানে জয় ভাইপোর

সাথী দাস, পুরুলিয়া, ২৯ জুন: উপ নির্বাচনের ফলাফল ঝড়ের আকার নিল সহানুভুতির হাওয়ায়। ওই ওয়ার্ডের মানুষ স্থানীয় পঞ্চমুখী মোড়ে নিহত তপন কান্দুর ছবিতে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান। দলের নেতা কর্মী সমর্থকরা জয়ী মিঠুন কান্দুর গলায় মালা পরাতে চাইলে তা ফিরিয়ে দিয়ে হাতে নেন এবং কাকার ছবিতে মালা পরিয়ে হেঁটে ওই ওয়ার্ডের ভোটারদের কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানান।

পুরুলিয়ার ঝালদা ২ নং ওয়ার্ডের উপনির্বাচনে তাতেই শাসক দল তৃণমূলকে একেবারে উড়িয়ে দিলেন নিহত কাউন্সিলার তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দু। তিনি ৭৭৮ ভোটে পরাজিত করলেন নিকটতম তৃণমূল প্রার্থী জগন্নাথ রজককে। নির্বাচনের ফল ঘোষণা হলে দেখা যায় মিঠুন পেয়েছেন ৯৩০ টি ভোট। অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জগন্নাথ রজক পেয়েছেন ১৫২ টি ভোট। আর বিজেপির পরেশ চন্দ্র দাস বলতে গেলে ধর্তব্যের মধ্যে নেই। তিনি পেয়েছেন হাতে গোণা ৩৩ টি ভোট।

এই জয়ের জন্য মিঠুন তাঁর কাকা নিহত তপন কান্দুর অবদানের কথা বলেন। আগামী দিনে কাকার স্বপ্নগুলি পূরণ করার কথা বলেন তিনি। একই সঙ্গে তিনি ঝালদা পুরসভায় চেয়ারম্যানের অপসারণের জন্য অনাস্থার হুঁশিয়ারি দেন। তিনি দাবি করে বলেন, তৃণমূল বোর্ডের চেয়ারম্যান সুরেশ আগরওয়াল অনৈতিক কাজে ব্যস্ত। পাঁচ জন কংগ্রেস কাউন্সিলর ছাড়াও নির্দল এবং কিছু তৃণমূলের কাউন্সিলরও এটা চাইছেন বলে দাবি সদ্য নির্বাচিত মিঠুন কান্দুর।

অন্যদিকে, তৃণমূল প্রার্থী জগন্নাথ রজক এই ফলাফলের জন্য দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ঝালদা শহরে এক শ্রেণির তৃণমূল নেতার অন্তর্ঘাতের জন্য এভাবে হারলেন তিনি। স্থানীয় যুব তৃণমূল সভাপতির অন্তর্ঘাতের কারণে এতটা খারাপ ফল হয়েছে বলে অভিযোগ তাঁর।

যদিও তাঁর অভিযোগ অস্বীকার করেছেন যুব তৃণমূল সভাপতি রাজেশ রায়। ঝালদা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশীষ সেন এই পরাজয় তপন কান্দুর মৃত্যুর সমবেদনা, সহানুভূতির ও আবেগের কারণে। ওই ওয়ার্ডের মানুষ মিঠুনকে কাউন্সিলার হিসেবে চেয়েছেন।

আজকের ফলাফলের পর ১২ আসন বিশিষ্ট ঝালদা পুরসভায় বর্তমানে কংগ্রেসের আসন সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়াল ৫। যেখানে ৫ জন কাউন্সিলার তৃণমূল কংগ্রেসের রয়েছে। দুই নির্দলকে নিয়ে ক্ষমতায় রয়েছে তৃণমূল।

উপ নির্বাচন ফলাফল-
কংগ্রেস ৯৩০,
তৃণমূল কংগ্রেস ১৫২,
বিজেপি ৩৩
৭৭৮ ভোটে জয়ী হন কংগ্রেস প্রার্থী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *