পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৭ আগস্ট: বিকল্প ব্যবস্থা না করে পরিকল্পনাহীন ভাবে একদিনের নোটিশে বীরেন্দ্র সেতু আগামী চার দিন বন্ধের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে জেলাশাসক দপ্তরে বিক্ষোভ ও ডেপুটেশন দেয় এসইউসিআই কমিউনিস্ট দলের।
দলের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়, মেদিনীপুর শহরে রেললাইন বাদ দিলে এই একটিই মাত্র রাস্তা, যেটা দিয়ে প্রতিদিন শ’য়ে শ’য়ে মানুষ চিকিৎসার জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজে আসেন এবং বহু ছাত্রছাত্রী পড়াশোনার জন্য স্কুল কলেজে যাতায়াত করে এই একটিমাত্র রাস্তা দিয়ে। তাদের এই হয়রানি কমানো যেতো প্রশাসনের পক্ষ থেকে যদি পরিকল্পনা মাফিক আগে থেকে বিকল্প ব্যবস্থা করে পদক্ষেপ গ্রহণ করা হতো। সেতু মেরামতের প্রশ্নে কোনো দ্বিমত নেই, কিন্তু এই হয়রানি এড়ানো অসম্ভব ছিলো না।
এমতাবস্থায় দলের পক্ষ থেকে দাবি করা হয়, অবিলম্বে প্রশাসনকে বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে। মেদিনীপুর- খড়্গপুর শাটল ট্রেনের ব্যবস্থা করতে হবে। অবিলম্বে বাসে যাতায়াতের আর একটি সেতুর নির্মাণ কাজ সমাপ্ত করতে হবে।

