আমাদের ভারত, ৯ ফেব্রুয়ারি: “নিকৃষ্ট সমাজবিরোধী, গুণ্ডা-দুষ্কৃতীদের আদর আহ্লাদের সঙ্গে সংরক্ষণ, আশ্রয় এবং পোষণ মানেই তৃণমূল কংগ্রেস!” সোমবার এই মন্তব্য করলেন বিজেপি-র রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার।
তিনি লিখেছেন, “আর শাসক দলের লালন-পালন করা সেই দুষ্কৃতীরাই এখন আইনের রক্ষক। পুলিশ প্রশাসনের পরোক্ষ সমর্থনে গোটা বাংলাজুড়ে আতঙ্কের বাতাবরণ তৈরি করে যাচ্ছে একদম নির্ভয়ে!
ঠিক যেমন, উত্তরবঙ্গের নকশালবাড়ির এই ঘটনা। ধারে জিনিসপত্র না দেওয়ার অপরাধে এক ব্যবসায়ীর দোকানের জিনিসপত্র ভেঙ্গে তছনছ করে দিয়েছিল কয়েকজন দুষ্কৃতী। শুধু অবাধে ভাঙ্গচুর চালানোই নয়, হুমকিও দিয়েছিল নিরীহ ব্যবসায়ীকে। কিন্তু ন্যক্কারজনক এই অপরাধের কোনও কিনারা করার সাহসই দেখাতে পারল না দলদাস পুলিশ! তার আগেই বুক ফুলিয়ে থানায় গিয়ে তাঁর ঘনিষ্ঠ দুষ্কৃতীদের ছাড়িয়ে নিয়ে এলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি মহাশয়।
এটি আসলেই কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, সারা বাংলা জুড়েই এইভাবে কুখ্যাত দুষ্কৃতীদের সংরক্ষণ দিয়ে ‘মহাজঙ্গলরাজ’ তৈরি করেছে তৃণমূল কংগ্রেস।
কিন্তু এবার তৃণমূলের বিদায়ের সময় আসন্ন। তৃণমূল কংগ্রেস আর তার সঙ্গী প্রতিটি দুষ্কৃতীকে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবে বাংলার মানুষ।”

