পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৯ ডিসেম্বর: গত ২৮ নভেম্বর দক্ষিণ পূর্ব রেলওয়ের অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল ইঞ্জিনিয়ার ভাস্কর সোনবীর, কোলাঘাট ব্লকের বিডিও, ভোগপুরের প্রধান ও কোলাঘাট থানার ওসি একটি চিঠি দিয়ে ভোগপুরে হাইস্কুলের সামনে যে লেভেল ক্রসিং রয়েছে সেই লেভেল ক্রসিংয়ে দিব্যাঙ্গদের যাতায়াত ছাড়া অন্যান্যদের যাতায়াত সহ চার, তিন প দু’ চাকার গাড়ি চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেন।
এর পরিপ্রেক্ষিতে ‘ভোগপুর লেভেল ক্রসিং নির্মাণ ও উন্নয়ন কমিটি’র পক্ষ থেকে ভোগপুর হাইস্কুলের সামনে যতদিন না ওই স্থানে লেভেল ক্রসিং নির্মাণ হচ্ছে, ততদিন পর্যন্ত লেভেল ক্রসিং দিয়ে জনসাধারণের যাতায়াত সহ ছোট গাড়ি যাতায়াত করবার দাবিতে আজ কোলাঘাটের বিডিও এবং থানার ওসি’র কাছে ছয় দফা দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করা হয়। ডেপুটেশনের প্রতিনিধি দলে ছিলেন, সংগঠনের সহঃ সভাপতি মধুসূদন বেরা, নাগরিক সুরক্ষা কমিটির মুখপাত্র নারায়ণ চন্দ্র নায়ক প্রমুখ।
কমিটির নেতৃত্বদের অভিযোগ, রেলওয়ে দপ্তরের এডিইন কারোর সাথে কোনো আলোচনা না করেই ওই চিঠি দিয়েছেন। অবিলম্বে বিষয়টি নিয়ে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়ার দাবি জানানোর পাশাপাশি ওই স্থানে আন্ডারপাশ বা প্রহরী যুক্ত লেবেল ক্রসিং নির্মাণের দাবি জানানো হয় স্মারকলিপিতে। রেলের সুরক্ষার পাশাপাশি যাত্রী সাধারণের সুরক্ষার বিষয়টি নিয়ে রেলকে নজর দিতে হবে।

