পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২ আগস্ট: বঙ্গোপসাগরে নিম্নচাপ ও পূর্ণিমার কোটাল, জোড়া প্রাকৃতিক বিপর্যয়ে উত্তাল দিঘার সমুদ্র। গতকাল থেকে নিম্নচাপের প্রভাবে পূর্ব মেদিনীপুরের উপকূল এলাকায় ভারী বৃষ্টি দেখা দিয়েছে। আজ সকাল থেকে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হয়। তবে উত্তাল হয়েছে দিঘার সমুদ্র।

পর্যটকদের সমুদ্র স্নানের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দড়ি বেঁধে ঘাট গুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল থেকে দিঘা মোহনা কোস্টাল থানার পুলিশের পক্ষ থেকে দিঘায় সমুদ্র স্নানের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারির উদ্দেশ্যে লাগাতার মাইকিং করা হচ্ছে। মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধারার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। যারা ইতিমধ্যেই মাছ ধরার উদ্দেশ্যে মাঝ সমুদ্রে রয়েছে তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। ৩ তারিখ পর্যন্ত বঙ্গোপসাগর অর্থাৎ দিঘার সমুদ্র উত্তাল থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে।

পাশাপাশি এই প্রাকৃতিক দুর্যোগে উত্তাল সমুদ্রে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। ১৩ জন মৎস্যজীবী সহ ট্রলার ভাসতে ভাসতে দিঘার ওসিয়ানা ঘাটে প্রায় ৮০ নটিক্যাল মাইল গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়। ৩০ ঘন্টা ভেসে থাকার পর শেষ পর্যন্ত উদ্ধার পায় মৎস্যজীবীরা। তাদের দিঘা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে। প্রত্যেকে সুস্থ আছেন। ট্রলারটি ওড়িশার কষা ফলিয়া মোহনার। নাম মা হেঁদুলা।


