১ জুলাই পর্যন্ত বাড়ল বিধি নিষেধ! খুলছে অফিস, শপিং মল, বন্ধ লোকাল ট্রেন, বাস, মেট্রো

আমাদের ভারত, ১৪ জুন: করোনা মোকাবিলায় ১৫ জুন পর্যন্ত যে বিধিনিষেধ আরোপের কথা ঘোষণা করা হয়েছিল, তার সময়সীমা মঙ্গলবার শেষ হচ্ছে। ইতিমধ্যেই রাজ্যে করোনা সংক্রমণ বেশ কিছুটা নিয়ন্ত্রণে এলেও দৈনিক সংক্রমণ এখনো প্রায় চার হাজারের কাছাকাছি। তাই এই পরিস্থিতিতে কড়া বিধি নিষেধ জারি রাখল রাজ্য সরকার। বিধিনিষেধের সময়সীমা বাড়িয়ে ১৬ জুন থেকে ১ জুলাই করা হল। তবে কিছু ক্ষেত্রে ছাড়ের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত বাজার, মুদির দোকান ইত্যাদি খোলা থাকবে। এছাড়া সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অন্যান্য দোকান খোলা থাকবে। বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে রেস্তোরাঁ, পানশালা, হোটেল। রেস্তোরাঁ, পানশালা, হোটেলে ৫০% ক্রেতা প্রবেশ করতে পারবে।

সরকারি এবং বেসরকারি অফিস গুলি ২৫% কর্মী নিয়ে চলবে। সকাল ১০টা থেকে বিকেল চারটে পর্যন্ত অফিস চলবে। কর্মীদের যাতায়াতের ব্যবস্থা করতে হবে সংস্থাকেই। আপাতত বন্ধ থাকবে লোকাল ট্রেন, মেট্রো, বাস পরিষেবা। এছাড়া স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে অটো ও ট্যাক্সিতে যাতায়াতের ছাড় দেওয়া হয়েছে।

মর্নিং ওয়াকের জন্য পার্কে ঢোকার ক্ষেত্রে লাগবে ভ্যাক্সিন নেওয়ার নথি প্রমান। শুটিংয়ের কাজ শুরু করার অনুমতি দেওয়া হয়েছে। ৫০% কর্মী নিয়ে কাজকরা যাবে। করোনা বিধিকে কড়া ভাবে মানতে হবে।

আগের মতোই সকাল দশটা থেকে দুইটা পর্যন্ত খোলা থাকবে ব্যাংক। দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হতে পারে তবে বন্ধ থাকবে জিম, স্পা। তবে খুলবে শপিংমল। বেলা ১১ টা থেকে বিকেল ছটা পর্যন্ত মল খোলা রাখা যাবে। ধারণক্ষমতার ৩০% লোককে ঢুকতে দেওয়া যাবে মলে।

রাত ন’টা থেকে সকাল পাঁচটা পর্যন্ত জরুরি পরিষেবার বাইরে যান চলাচল বন্ধ থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *