নেতাজির জন্মদিনে সিআরপিএফের কর্মসূচি ঝাড়গ্রামে

আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৩ জানুয়ারি: নেতাজির জন্মদিন উপলক্ষ্যে সিআরপিএফের একশো চুরাশি ১৮৪ নম্বর ব্যাটেলিয়ানের উদ্যোগে ঝাড়গ্রাম জেলার ঝাড়খন্ড রাজ্য সীমান্তবর্তী গ্রামগুলিতে সামাজিক কার্যক্রম কর্মসূচি নেওয়া হয়েছিল। কর্মসূচিতে গ্রামবাসীদের বেশ কিছু প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া হয়।

১৮৪ নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্টের উদ্যোগে গ্রামবাসীদের মধ্যে এক হাজার কম্বল বিতরণ করা হয়। এছাড়াও এই ব্যাটেলিয়নের উদ্যোগে জঙ্গলমহলের বিভিন্ন এলাকায় প্রি-রিক্রুটমেন্ট প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় যুবকদের এসএসসি, সিআরপিএফ, আরপিএফ এবং পুলিশের চাকরির জন্য উপযুক্ত করে তুলতে উৎসাহিত করা হয়। প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় বইপত্র এবং গ্রন্থাগারের ব্যবস্থা করা হয়েছে। সিআরপিএফের পশ্চিমবঙ্গের পুলিশের মহা নিরীক্ষক মনোজ কুমার দুবে, উপ-মহা নিরীক্ষক পঙ্কজকুমার ও বাহিনীর মেদিনীপুরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক বিআর মিনা সহ অন্যান্য আধিকারিকরা স্থানীয় যুবকদের এ বিষয়ে উৎসাহিত করেন।

আধিকারিকরা জানান, আগামী দিনে জঙ্গলমহলের বেলপাহাড়ির প্রত্যন্ত গ্রামগুলিতে সোলার লাইট ও পানীয় জলের পাম্প বসানো হবে। এদিনের কর্মসূচিতে রাজ্য পুলিশের বিভিন্ন আধিকারিক, স্থানীয় বিদ্যালয় শিক্ষক, প্রাক্তন সৈনিক, পঞ্চায়েত সদস্য ও গ্রামবাসীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *