আমাদের ভারত, ২৩ অক্টোবর: এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক বিক্রম হরিজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ। ভগবান রামচন্দ্র ও ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অপমানজনক মন্তব্য করেছেন বলে অভিযোগ। অধ্যাপকের বিরুদ্ধেথানায় এফআইআর দায়ের করা হয়েছে।
বিশ্ব হিন্দু পরিষদের তরফে অভিযোগ দায়েরের পরেই পুলিশ খোঁজখবর শুরু করে। অধ্যাপকের বিরুদ্ধে একাধিক ধারায় এই অভিযোগ আনা হয়েছে। ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে ভেদাভেদ তৈরি করা, ধর্মীয় ভাবাবেগে আঘাত করা, সহ একাধিক ধারায় মামলা হয়েছে অধ্যাপকের বিরুদ্ধে।
সূত্রের খবর, বিশ্ব হিন্দু পরিষদের এক নেতা, এই নিয়ে অভিযোগ জানিয়েছিলেন। এই অধ্যাপক হিন্দু দেব-দেবীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করছেন, যা ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। ছাত্র-ছাত্রীদের মধ্যেও অস্থিরতা তৈরি করেছে।
কিন্তু কি লেখা ছিল এই পোস্টে? নিজের এক্স হ্যান্ডেলে অধ্যাপক লিখেছিলেন, যদি ভগবান রাম আজ উপস্থিত থাকতেন তাহলে আমি তাকে আইপিসি ৩০২ ধারায় ঋষি সুম্বকে খুনের দায়ে জেলে পাঠাতাম, আর মহিলাদের হেনস্থা করার জন্য কৃষ্ণকেও জেলে পাঠাতাম। তার লেখা এই পোস্ট ভাইরাল হতেই চারদিকে শোরগোল পড়ে যায়। নানা ধরনের মন্তব্য উঠে আসে। হিন্দু দেব-দেবী সম্পর্কে এহেন আপত্তিকর মন্তব্য কতটা শোভনীয় তা নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ হয়েছে এই মন্তব্যের মাধ্যমে ধর্মীয় ভাবাবেগে আঘাত হচ্ছে। বিশ্ব হিন্দু পরিষদ জানিয়েছে, এভাবে হিন্দুদের নিয়ে আপত্তিকর মন্তব্য মানবো না। গোটা ঘটনায় শোরগোল পড়ে গেছে। পুলিশ কি ব্যবস্থা নেয় সেটাই দেখার।

