সাথী দাস, পুরুলিয়া, ৯ জুলাই: পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির অভিনব প্রতিবাদ মিছিল রঘুনাথপুর শহরে। সাধারণ মানুষের সমর্থন পেতে গরুর গাড়ি নিয়ে প্রতিবাদ মিছিল করল রঘুনাথপুর বিধানসভা তৃণমূল কংগ্রেস কমিটি। আজ রঘুনাথপুর শহরে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মোটর গাড়ির পরিবর্তে গরুর গাড়ি নিয়ে বিভিন্ন পেট্রোল পাম্পে গিয়ে মেশিনে মালা পরিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল নেতা কর্মীরা। পরে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল পোড়ানো হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেওয়া জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হাজারি বাউরি জানান, লাগামহীন পেট্রোপণ্য ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির কারণে সাধারণ মধ্যবিত্তের বেঁচে থাকা দায় হয়ে উঠেছে। প্রতিদিন পেট্রোলের দাম বেড়ে বেড়ে সেঞ্চুরি পার করেছে। ডিজেলের দামও কোনো অংশে কম নয়। কেন্দ্রীয় সরকার এর জন্য দায়ী। তাই এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

একই ইস্যুতে ফরওয়ার্ড ব্লকও প্রতিবাদ বিক্ষোভ ও পথসভা করে। আজ আড়ষা থানার কাঁটাডি মোড়ে টাটা পুরুলিয়া ৩২ নম্বর জাতীয় সড়কে এই কর্মসূচি পালন করে। নিত্যপ্রয়োজনীয় জিনিস পত্রের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধ, পেট্রোল ডিজেল ও কেরোসিনের বর্ধিত মূল্য প্রত্যাহার, বিনামূল্যে সর্বজনীন টিকাকরণ, করোনার বিধিনিষেধের ফলে কর্মহারা পরিবারকে মাসিক দশ হাজার টাকা অনুদানের দাবি জানায় তারা। পথ সভায় বক্তব্য রাখেন ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক মিহির মাঝি সহ অন্যান্য নেতৃত্ব।

