দাঁতনে মিড ডে মিল সামগ্রী বিতরণে সমস্যা, বিডিওকে ডেপুটেশন প্রাথমিক শিক্ষকদের 

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১ নভেম্বর: দাঁতন ২ নম্বর ব্লকের জাহালদা চক্রের প্রাথমিক বিদ্যালয় সমূহের শিক্ষক-শিক্ষিকারা সোমবার সকালে দাঁতন ২ ব্লকের বিডিওকে মিড ডে মিলের সামগ্রী বিতরণের সমস্যা নিয়ে ডেপুটেশন দেন।

তাঁদের দাবি, মিড ডে মিল সামগ্রীর মধ্যে আলু মাত্র ১৪ টাকা মূল্যে বাজার থেকে ক্রয় করে  বিতরণ করার সরকারি নির্দেশিকা রয়েছে। কিন্তু বর্তমানে আলুর বাজার মূল্য অনেকটাই বেশি এবং প্রতিদিন দাম বাড়ছে, ফলে বাজার থেকে ১৪ টাকায় আলু ক্রয় করে বিতরণ করা কোনও ভাবেই সম্ভব নয়। এছাড়াও মিড ডে মিল সামগ্রী বিতরণের জন্য প্যাকিং করতে ছাত্রছাত্রী পিছু প্রায় ৩ টাকা খরচ হয়, যা শিক্ষক-শিক্ষিকাদের নিজেদের পকেট থেকে খরচ করতে হয় বলে দাবি।

মাসের পর মাস এইভাবে খরচ করা সম্ভব হচ্ছে না বলেও শিক্ষক শিক্ষিকারা জানিয়েছেন। তাদের দাবি, বাজারমূল্য অনুযায়ী আলুর দাম ধার্য করতে হবে না হলে সরকারিভাবে আলু সরবরাহ করতে হবে। সেই সঙ্গে মিড ডে মিল সামগ্রীর প্যাকিং পলিব্যাগের খরচ দিতে হবে এবং প্রতিটি বিদ্যালয়ে মিড ডে মিল সামগ্রী পৌঁছে দিতে হবে। এই দাবি নিয়ে এদিন সকালে দাঁতন ২ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে ডেপুটেশন জমা দেন তারা। যতদিন না তাদের এই সমস্যার সমাধান করা হবে ততদিন মিড-ডে-মিল সামগ্রী বিতরণ বন্ধ থাকবে বলেও জানিয়েছেন জাহালদা চক্রের প্রাথমিক বিদ্যালয় সমূহের শিক্ষক শিক্ষিকারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *