নিজের প্রাক্তন দেহরক্ষীর মৃত্যুতে বিপাকে শুভেন্দু, তদন্তে সিআইডি

রাজেন রায়, কলকাতা, ১২ জুলাই: শুভেন্দুর প্রাক্তন দেহরক্ষীর রহস্যজনক মৃত্যুর জেরে আরও বিপাকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দেহরক্ষীর স্ত্রী সুপর্ণা কাঞ্জিলাল চক্রবর্তী স্বামীর মৃত্যুর ঘটনার তদন্ত চেয়ে সম্প্রতি শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন পূর্ব মেদিনীপুরের কাঁথি থানায়। এবার ওই মামলার তদন্তভার হাতে নিল সিআইডি। 

শুভেন্দুর প্রাক্তন দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর মৃত্যুতে এফআইআর করেন স্ত্রী সুপর্ণা কাঞ্জিলাল চক্রবর্তী।  পূর্ব মেদিনীপুরের কাঁথি থানায় এফআইআর করেন তিনি। সুপর্ণার এফআইআরের ভিত্তিতে খুনের মামলা রুজু করেছে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে বলে খবর। 

প্রসঙ্গত, ২০১৮ সালে তৎকালীন মন্ত্রী শুভেন্দু অধিকারীর দেহরক্ষী শুভব্রত চক্রবর্তী গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়। সেই ঘটনার তিন বছর পর এফআইআর দায়ের করলেন শুভেন্দুর প্রাক্তন দেহরক্ষীর স্ত্রী সুপর্ণা কাঞ্জিলাল চক্রবর্তী। স্বামীর মৃত্যু নিয়ে প্রশ্ন তুলে তিনি জানতে চান, শুভেন্দুর নিরাপত্তায় থাকাকালীন কীভাবে গুলিবিদ্ধ হলেন শুভব্রত চক্রবর্তী? কেন তাঁকে দেরি করে হাসপাতালে নিয়ে যাওয়া হল?

পাল্টা প্রশ্ন উঠেছে, তিন বছর পর কেন এফআইআর। তাঁর উত্তরে সুপর্ণা কাঞ্জিলাল চক্রবর্তীর দাবি, ভয়ে এত দিন চুপ ছিলেন তিনি। তাছাড়া চলতি বছরের ২১ মে কয়েকজন এসে তাঁকে শাসিয়ে যায়। তবে এবার তিনি এ ঘটনার শেষ দেখে ছাড়বেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *