সুনীল কুমার দাসের মৃত্যুর তদন্ত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

আমাদের ভারত, ১৭ আগস্ট: হেয়ার স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক সুনীল কুমার দাসের মৃত্যুর তদন্ত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। বুধবার এই দাবি জানালেন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সঙ্ঘের রাজ্য সাধারণ সম্পাদক বাপী প্রামাণিক।

বাপীবাবু এই প্রতিবেদককে বলেন, “শিক্ষক বঞ্চনার নতুন উদাহরণ প্রাক্তন প্রধান শিক্ষক সুনীল কুমার দাস! কী নিষ্ঠুর, নির্মম ঘটনা ! শিক্ষারত্ন পাওয়া প্রধান শিক্ষক অবসরের পর পেনশন না পেয়ে আত্মঘাতী!

হেয়ার স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক সুনীল কুমার দাসের ঝুলন্ত মৃতদেহ পাওয়া গেল, বর্ধমানের মেমারিতে নিজের বাড়ি থেকে। অবসরের পর ৩ বছরেও পেনশন না পেয়ে অবসাদে ভুগছিলেন বলে অভিযোগ পরিবারের। ২০১৯-এ শিক্ষারত্ন সম্মানে ভূষিত হন তিনি। পেনশনের জন্য অনেক বার বিকাশ ভবনে গিয়েছিলেন।

একজন অবসরপ্রাপ্ত শিক্ষক বা শিক্ষা কর্মীর কেন অবসর গ্রহণের পর পেনশন পেতে দেরি হচ্ছে? আজও অবসরের পর অফিসে অফিসে দৌড়াতে হবে পেনশনের জন্য? প্রতিটি দফতরে ঘুঘুর বাসা তৈরি হয়েছে। অবসরের পরেই পেনশন দেওয়া হল না কেন তার তদন্ত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

শিক্ষারত্ন পাওয়া এই ধরনের সুনামধন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকের প্রতি যদি এই আচরণ করা হয়, তাহলে সাধারণ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষা কর্মীদের প্রতি কেমন আচরণ করা হয়, তা সহজেই অনুমেয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *