রামপুহাটে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে জলের ফিল্টার দিল বেসরকারি সংস্থা

আশিস মণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ২১ নভেম্বর: ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পানীয় জলের ফিল্টার দিল একটি বেসরকারি প্রতিষ্ঠান। সেই সঙ্গে দেওয়া হয়েছে পরিবেশ বান্ধব জেনারেটর। এছাড়া হাসপাতালের প্রসূতি বিভাগে শৌচালয় নির্মাণের জন্য দেওয়া হয়েছে টাকা। সোমবার পানীয় জলের ফিল্টারের উদ্বোধন করেন জেলা শাসক বিধান রায়।

রামপুরহাট ১ নম্বর ব্লকের অধীন ব্লক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে চকমণ্ডলা গ্রামে। আদিবাসী অধ্যুষিত ওই হাসপাতালে ধীরে ধীরে পরিকাঠামোর উন্নতি করা হচ্ছে। তবে চাহিদা রয়েছে অনেক। এলাকায় পানীয় জলের সমস্যার পাশাপাশি বিদ্যুতেরও ঘাটতি রয়েছে। মল্লারপুর স্বেচ্ছাসেবী সংস্থা নইসুভার মাধ্যমে হাসপাতালের পাশে দাঁড়াতে এগিয়ে আসে ব্রেথওয়াট নামে একটি বেসরকারি কোম্পানি। এদিন হাসপাতালে গিয়ে চাহিদা মতো পানীয় জলের ফিল্টার দেয় ওই সংস্থা। দেওয়া হয় জেনারেটর। এছাড়াও প্রসূতি বিভাগে পৃথক শৌচালয় নির্মাণের জন্য টাকা দেওয়া হয়েছে।

জেলা শাসক বিধান রায় বলেন, “রাজ্য সরকার স্বাস্থ্য ব্যবস্থার অনেক উন্নতি করেছে। সরকারের স্বদিচ্ছাকে বাস্তব রূপ দিতে বেসরকারি সংস্থা যেভাবে এগিয়ে এসেছে তাতে আমরা কৃতজ্ঞ। চাইব আরও বেসরকারি সংস্থা সরকারের উন্নয়নে সামিল হন।”

সংস্থার ডিরেক্টর বলেন, “ব্যবসার পাশাপাশি আমাদের প্রত্যেকের সামাজিক দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতা থেকে ব্যবসার লভ্যাংশের একটা অংশ সামাজিক কাজে ব্যয় করে থাকি। নইসুভার মাধ্যমে হাসপাতালের খবর পেয়ে আমরা এগিয়ে এসেছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *