পিন্টু কুন্ডু , বালুরঘাট, ২৩ জুন: চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত এক বিচারাধীন বন্দী পালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের হোসেনপুর এলাকার সেফ হোমের ঘটনা। জানা গেছে, পালাতক ওই বন্দীর নাম রবি প্রামাণিক (২৪)। বালুরঘাটের পাওয়ার হাউস এলাকার বাসিন্দা সে।
পুলিশ সূত্রের খবর, চলতি মাসের প্রথম দিকে ওই যুবককে এটিএম ভাঙ্গার ঘটনায় গ্রেপ্তার করে বালুরঘাট থানার পুলিশ। শহরের মধ্যে দুঃসাহসিক এমন ঘটনার পিছনে আরো কারা রয়েছে তা জানতে জিজ্ঞাসাবাদের জন্য রবি প্রামানিককে পুলিশ হেফজতে নেয়। যার পরেই সামনে আসে তার করোনা পজিটিভের ঘটনা। সুস্থতার জন্য শহরের হোসেনপুর এলাকার যুব আবাসনের সেফ হোমে ওই অভিযুক্তকে রাখবার ব্যবস্থা করে বালুরঘাট থানার পুলিশ। মঙ্গলবার রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় থাকা অভিযুক্ত যুবক ঢিলেঢালা নিরাপত্তার সুযোগ নিয়ে পালিয়ে যায়। আজ সকালে সেই খবর ছড়িয়ে পড়তেই তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। যারপরেই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বালুরঘাট থানার পুলিশ বাহিনী।
দায়িত্বপ্রাপ্ত এক স্বাস্থ্যকর্মী মৃত্যুঞ্জয় দেব চৌধুরী জানিয়েছেন, রাতেও তাকে খাবার দিয়েছিলেন। কিন্তু তারপরে কিভাবে এই ঘটনা ঘটলো তা নিয়ে তারা অবাক। সেফ হোমের নিরাপত্তাব্যবস্থা বাড়ানো উচিত।
ডিএসপি সদর সোমনাথ ঝা জানিয়েছেন, এটিএম ভাঙ্গার ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। করোনা পজিটিভ হবার কারনেই সেফ হোমে ছিল সে। সেখান থেকে পালিয়ে যাবার ঘটনা নিয়ে পুলিশ একটি মামলা রজু করে অভিযুক্তের খোঁজে তদন্তে নেমেছে।

