অসুস্থ মাকে হাসপাতালে দেখতে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আমাদের ভারত, ২৮ ডিসেম্বর:
অসুস্থ মাকে দেখতে গুজরাতে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর মা হীরাবেন মোদীর শারীরিক অবস্থা হঠাৎ অবনতি হয়। সঙ্গে সঙ্গে তাঁকে আমেদাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁকে দেখতে হাসপাতালে পৌঁছে যান গুজরাটের বিজেপি নেতা কর্মীরা।

আমেদাবাদের ইউ এন মেহতা ইনস্টিটিউট অফ কার্ডিয়লজি এন্ড রিসার্চ সেন্টার সেখানে চিকিৎসা চলছে শত বছর পেরোনো হীরাবেন মোদীর। চলতি বছরের জুন মাসে ১০০ বছরে পা দিয়েছেন প্রধানমন্ত্রীর মা। গুজরাট প্রশাসন সূত্রে খবর, বিমানবন্দরে নেমে সোজা সেখানে যান নরেন্দ্র মোদী।

বুধবার হাসপাতাল কর্তৃপক্ষ একটি বিবৃতি জারি করে জানিয়েছে হীরাবেনের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। তবে, প্রধানমন্ত্রীর মায়ের অসুস্থতা ও শারীরিক পরিস্থিতি সম্পর্কে আর কোনো তথ্য প্রকাশ করা হয়নি হাসপাতালের তরফে। মায়ের সঙ্গে দেখা করতে প্রায়শই গুজরাটে যান প্রধানমন্ত্রী। তাদের একাধিক ছবি সামাজিক মাধ্যমে প্রায়শই ছড়িয়ে পড়ে।

জুন মাসে মায়ের ৯৯ তম জন্মদিনেও দেখা গিয়েছিল প্রধানমন্ত্রীকে। সেখানে নিজের মাকে নিয়ে মাদার নামে একটি ব্লগ লিখেছিলেন প্রধানমন্ত্রী। কিছুদিন আগে গুজরাটের বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়েও মায়ের সঙ্গে দেখা করেছিলেন মোদী। সেই সময় মায়ের সঙ্গে চা খাওয়া ও কথোপকথনের ছবিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল।

অন্যদিকে, মঙ্গলবার গাড়ি দুর্ঘটনা হয় প্রধানমন্ত্রীর ভাই প্রহ্লাদ মোদীর। কর্নাটকের মাইসুরে দুর্ঘটনাটি হয়। গাড়িতে প্রহ্লাদ ছাড়াও তাঁর স্ত্রী, পুত্র, পুত্রবধূ এবং নাতি ছিলেন। ডিভাইডারে গিয়ে ধাক্কা দিয়েছিল গাড়িটি। স্থানীয় হাসপাতালে তাঁদের ভর্তি করা হয়। তার একদিন পরেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন প্রধানমন্ত্রীর মা হীরাবেন মোদীও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *