নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ২ মার্চ:
ভোটের আগে বাংলাদেশে হরিচাঁদ গুরুচাঁদের জন্মস্থানে যেতে পারেন নরেন্দ্র মোদী। আগামী ২৬ শে মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকা সফরে যাচ্ছেন। সফরের মাঝেই হরিচাঁদ গুরুচাঁদ এর জন্মস্থানে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
প্রসঙ্গত, আগামী ২৭ শে মার্চ রাজ্যের ভোট শুরু হচ্ছে। তার একদিন আগে বাংলাদেশের ওড়াকান্দিতে হরিচাঁদ গুরুচাঁদের ভিটেতে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রীর সফরে তাঁর সঙ্গী হওয়ার কথা রয়েছে বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের। এব্যাপারে বনগাঁর সাংসদকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ওড়াকান্দিতে যাওয়ার জন্য তাদের কাছে আমন্ত্রণপত্র এসেছে। যাওয়া হবে কিনা এখনও সে বিষয়ে তিনি কিছুই জানেন না।

তবে রাজনৈতিক মহলের একাংশের মতে রাজনৈতিক অংক মাথায় রেখে প্রধানমন্ত্রী হয়তো হরিচাঁদ গুরুচাঁদের জন্ম ভিটেতে যাবেন। প্রধানমন্ত্রী সেখানে গিয়ে পুজো করলে মতুয়া ভোটের একটা ফায়দা হতে পারে রাজ্য বিজেপির। কারণ রাজ্যের প্রায় ৬০ টি বিধানসভায় মতুয়াদের ভোট রয়েছে। সেই ভোট একটা বড় ফ্যাক্টর। মতুয়া ভোট এবার নিজেদের অনুকূলে আনতে তৃণমূল কংগ্রেস অনেক পরিকল্পনা করেছে। আর প্রধানমন্ত্রীর এই একটাই কর্মসূচি বিজেপিকে অনেকটাই এগিয়ে দিতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।


