জয় লাহা, দুর্গাপুর, ৮ জুলাই: স্বাধীনতার ৭৫ বর্ষ পূর্তি উপলক্ষ্যে তপোবনের আদলে শহরের মধ্যে তৈরী হবে নগর বন। দূষণমুক্ত সবুজ অরণ্যেরে পাশাপাশি থাকবে শিশুদের খেলার উদ্যান, বয়স্কদের জন্য থাকবে পার্কিং, জগিং ট্র্যাকের ব্যাবস্থা। কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তায় এরাজ্যের দুর্গাপুর ও বাঁকুড়ার বিষ্ণুপুরে তৈরী হবে নগরবন। শুক্রবার দুর্গাপুর, বিষ্ণুপুর সহ সারাদেশের ৭৫ টি জায়গায় একসঙ্গে ভার্চুয়াল মাধ্যমে এই নগর বনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিন দুর্গাপুরের ১ নং ওয়ার্ডের পারুলিয়া প্রস্তাবিত ২৫ হেক্টর জমিতে নগর বনের উদ্বোধন হয়। শুক্রবার দিল্লি থেকে প্রধানমন্ত্রীর উদ্বোধনের পাশাপাশি এখানে উপস্থিত ছিলেন, বাঁকুড়া, বীরভূম, দুই বর্ধমান সার্কেলের বন আধিকারিক কল্যাণ দাস। এছাড়াও ছিলেন সচিব সোমা দাস।
জানা গেছে, দুর্গাপুরে ২৫ হেক্টর জমিতে ছাড়াও এই রাজ্যের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে ১০ হেক্টর জমিতে তৈরী হবে নগর বন। দুর্গাপুরে নগর বন তৈরীতে বরাদ্দ হয়েছে ১ কোটি টাকা। এদিন স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আমলকি, বহড়া, হরিতকি, অশোক সহ ৭৫ টি চারাগাছ লাগানো হয়। বন দফতর সুত্রে জানা গেছে, এই নগর বনে বয়স্কদের জন্য যেমন জগিং ট্র্যাক থাকবে তেমনই ছোটদের বিনোদনের পার্ক থাকবে। অনেকটা পৌরানিক যুগের তপোবনের আদলে তৈরি হবে নগর বন।
অনুষ্ঠানে উপস্থিত বিভাগীয় বননআধিকারিক কল্যাণ দাস বলেন, “শহর কেন্দ্রিক এই নগর বন। মূলত দূষণ রোধের পাশাপাশি মানুষকে প্রাণ ভরে অক্সিজেনের জোগান দেওয়ার জন্য তৈরি করা হচ্ছে। এই বনে দেশীয় গাছ লাগানো হবে। বাইরে থেকে কোনও গাছ নিয়ে এসে লাগানো হবে না।”

