আমাদের ভারত, ১৯ ফেব্রুয়ারি: কৃষি ব্যবস্থা আরও আধুনিকীকরণে লক্ষ্যে ১০০ কৃষক ড্রোনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কৃষি জমির উপরে কীটনাশক ও নানা ধরনের সামগ্রী ছেটানোর জন্য এই ড্রোনগুলো ব্যবহার করা হবে। মোদী জানিয়েছেন, ড্রোন সেক্টরে আগামী দিনে বিশ্বকে নেতৃত্ব দেবে ভারত। সেই লক্ষ্যে এই নতুন পদক্ষেপ কেন্দ্রের।
প্রধানমন্ত্রী বক্তব্য রাখার সময় বলেন, দেশে ড্রোন স্টার্টআপ এক নতুন সংস্কৃতি তৈরি হয়েছে। ইতিমধ্যে ড্রোনের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। খুব তাড়াতাড়ি তা হাজার ছাড়িয়ে যাবে। এর ফলে আগামী দিনে এই ক্ষেত্রে বিপুল কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হবে।
মোদী বলেন, ড্রোন শব্দটি শুনলেই অনেকে মনে করেন এটি সেনাবাহিনীর সঙ্গে যোগ আছে। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে ড্রোনের ব্যবহার শুধু ওই ক্ষেত্রেই আবদ্ধ নয়। একবিংশ শতাব্দীতে ড্রোনের ব্যবহার কৃষিক্ষেত্রও নতুন যুগের সূচনা করছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন, তাঁর সরকার ড্রোন সেক্টরে নতুন দিগন্ত খুলতে সময় নষ্ট করেনি। দেশের তরুণ প্রজন্মের জন্য বিশ্বাস করে এক নতুন সম্ভাবনার দরজা খুলে এগিয়ে এসেছে। তিনি বলেন, “আমার সরকার বাজেটও নীতিগত পদক্ষেপে প্রযুক্তি ও উদ্ভাবনকে অগ্রাধিকার দিয়েছে।”
মোদী জানান, আগামী দু’বছরের মধ্যে দেশীয় প্রযুক্তিতে ১ লক্ষ ড্রোন তৈরি করতে চাইছে ভারত। পাশাপাশি স্বামিত্ব যোজনার কথাও উল্লেখ করেন তিনি। গ্রামের চাষীদের মধ্যে জমির মালিকানা সংক্রান্ত তথ্য সংগ্রহ, ওষুধ, টিকা ও পণ্য পরিবহনে চালকহীন যানবাহন ব্যবহারের লক্ষ্য সম্পর্কেও বলেছেন প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত উল্লেখ্য, বাজেটে কৃষি ক্ষেত্রে আধুনিকীকরণের ওপর জোর দিয়েছে কেন্দ্র। আর ১০০ কৃষক ড্রোন উদ্বোধনের মাধ্যমে সেই লক্ষ্যে এগিয়ে যাওয়ার পদক্ষেপ করল সরকার বলেই মনে করছেন প্রধানমন্ত্রী।

