আমাদের ভারত, ৪ নভেম্বর: ছত্তিশগড়ে বিধানসভা ভোটের প্রচার করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বড় ঘোষণা করলেন। মোদী জানিয়ে দিলেন, তার সরকার আগামী আরও পাঁচ বছর ৮০ কোটি ভারতবাসীকে বিনামূল্যে রেশনের জোগান দেবে।
শনিবার ছত্তিশগড়ের দুর্গে এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, “আমি ঠিক করেছি বিজেপি সরকার দেশের ৮০ কোটির বেশি দরিদ্র মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার প্রকল্পের সময়সীমা আরও পাঁচ বছর বাড়িয়ে দেবে। মানুষের ভালোবাসা এবং আশীর্বাদ সবসময় আমাকে পবিত্র সিদ্ধান্ত নেওয়ার শক্তি দেয়।”
মোদীর এই ঘোষণার অর্থ হলো, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা, যা কিনা করোনা পরবর্তী সময় দেশবাসীকে আর্থিকভাবে স্বস্তি দেওয়ার জন্য শুরু হয়েছিল সেটা এবার ২০২৯ সাল পর্যন্ত চলবে।
২০২০ সালে করোনা মহামারীর সময় থেকে গোটা দেশে বিনামূল্যে রেশন বন্টন প্রকল্প শুরু করে কেন্দ্র। প্রতিমাসে মাথাপিছু পাঁচ কেজি খাদ্যশস্য বরাদ্দ করা হয়। প্রথমে এই প্রকল্প চালু করা হয় মাস ছয়েকের জন্য। মহামারী পরবর্তী সময় দফায় দফায় এই প্রকল্পের সময়কাল বাড়ানো হয়। এখনো এই প্রকল্প চলছে। প্রধানমন্ত্রী এবার জানিয়ে দিলেন, আগামী পাঁচ বছরও এই প্রকল্প চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে তার সরকার।
তবে এই সময়কালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একদিকে ছত্তিশগড় সহ একাধিক রাজ্যে যেমন বিধানসভার নির্বাচন, ঠিক তেমনই লোকসভা নির্বাচনও দরজায় কড়া নাড়ছে। ফলে ভোট আবহে প্রধানমন্ত্রীর এই ঘোষণা একদিকে যেমন মানুষের স্বস্তি বজায় রাখল, তেমনি মোদীও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন আগামী পাঁচ বছরেও ক্ষমতায় তারাই থাকবেন।

