সাথী দাস, পুরুলিয়া, ৩ নভেম্বর: বিয়ের পিঁড়িতে বসার আগেই ‘শ্রীঘরে’ গেলেন শিক্ষক বর। এক যুবতীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও পরে বিয়ে করতে অস্বীকার করার অভিযোগে প্রাথমিক স্কুলের শিক্ষককে গ্রেফতার করেছে পুরুলিয়ার মফস্বল থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে হাজির করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম অনিমেষ রায়। তার বাড়ি বাঁকুড়ার ছাতনা থানা এলাকায়। তিনি পুরুলিয়ার হুড়া থানা এলাকার একটি স্কুলে শিক্ষকতা করেন। পুরুলিয়ার মফস্বল থানা এলাকার এক যুবতী বেশ কিছু দিন আগে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। তার দাবি, অভিযুক্ত যুবক তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার ফলে তাদের মধ্যে প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে। শারীরিক সম্পর্কও হয়৷ কিন্তু ওই যুবক পরবর্তী সময়ে মেয়েটিকে বিয়ে করতে অস্বীকার করেন।

থানায় অভিযোগ দায়ের হওয়ার পর যুবক লিখিতভাবে পুলিশকে জানান, বিয়ের বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে ১৫ দিনের মধ্যে কোনও একটা সিদ্ধান্ত নেবেন। তখনকার মতো যুবক বিয়ে করতে রাজি হওয়ায় বিষয়টি সাময়িকভাবে মিটেও গিয়েছিল। কিন্তু পরে ওই যুবক ফের বেঁকে বসেন। শুধু তাই নয়, অন্যত্র বিয়ের পরিকল্পনাও করেন। তার ফলে ফের পুলিশের দ্বারস্থ হন যুবতী। এরপরে বুধবার সন্ধ্যায় গ্রেফতার হন অভিযুক্ত। তখন বিয়ের সাজে স্কুল শিক্ষক মণ্ডপে ছিলেন। সেখান থেকেই তাকে গ্রেফতার করেছে পুলিশ। বিয়ের আগেই বরের ঠাঁই হল পুলিশ হাজতে। বৃহস্পতিবার ধৃতকে পুরুলিয়া আদালতে তোলা হলে দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।

