স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৬ এপ্রিল: বন্ধুর বাবার পেনশনের ১১ লক্ষ টাকা তছরুপের অভিযোগে গ্রেপ্তার প্রাইমারি স্কুলের শিক্ষক। অভিযুক্ত শিক্ষক সুমন চ্যাটার্জির বাড়ি কৃষ্ণনগর শ্রীদুর্গা কলোনিতে। অভিযুক্ত শিক্ষকের ছোটবেলার বন্ধু বর্তমানে আইনজীবী সুমন সেনগুপ্তর অভিযোগ, তার বাবা মুকুল সেনগুপ্ত’র পেনশনের ১১ লক্ষ টাকা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে নিয়ে আত্মসাত করেছে বন্ধু সুমন চ্যাটার্জি।
মুকুল সেনগুপ্ত ফুড করপোরেশনে চাকরি করতেন। বর্তমানে তিনি অবসর নিয়েছেন। তার পেনশনের টাকা প্রতিমাসে অভিযুক্ত সরকারি স্কুল শিক্ষক সুমন চ্যাটার্জির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতো। প্রায় ১১ লক্ষ টাকা তিনি আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করেন আইনজীবী সুমন সেনগুপ্ত।
তার বন্ধু তথা কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের প্রাইমারি শিক্ষক সুমন চাটার্জির নামে কৃষ্ণনগর কোতোয়ালি থানায় এই অভিযোগ করেছেন তিনি। এর ভিত্তিতে কৃষ্ণনগরের বাসিন্দা সুমন চ্যাটার্জিকে কলকাতার সিটি সেন্টার থেকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্ত পালিয়ে বেড়াচ্ছিল বলে জানা গেছে। বুধবার আদালতে পাঠানো হয় অভিযুক্তকে।

