আমাদের ভারত, ২৯ এপ্রিল: কোভিশিল্ডের পর এবার দেশীয় টিকা কোভ্যাক্সিনেরও দাম কমালো ভারত বায়োটেক। এবার রাজ্যগুলিকে ৪০০ টাকায় টিকা বিক্রি করবে তারা। এর আগে সংস্থার তরফের জানানো হয়েছিল টিকা পিছু ৬০০ টাকা নেওয়া হবে। বৃহস্পতিবার ভারত বায়োটেক জানিয়েছে করোনা আবহে সরকারি স্বাস্থ্য দপ্তরের সমস্যার কথা মাথায় রেখেই দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে সেরাম ইনস্টিটিউট কোভিশিল্ডে দাম কমানোর কথা ঘোষণা করেছিল। রাজ্যগুলিকে ৪০০ টাকা থেকে কমিয়ে ৩০০ টাকায় টিকা বিক্রি করার কথা জানিয়েছে। সেরামের সিইও আদর পুনাওয়ালা জানিয়েছিলেন, জনস্বার্থে এই সিদ্ধান্ত তারা নিয়েছেন। যদিও এর আগে কোভিশিল্ডের দাম কেন্দ্র এবং রাজ্য গুলির জন্য ভিন্ন ভিন্ন নির্ধারিত হওয়ায় দেশ জুড়ে তীব্র সমালোচনায় পড়তে হয়েছিল সেরামকে।
শনিবার থেকে দেশজুড়ে তৃতীয় পর্যায়ের টিকাকরণ শুরু হচ্ছে। তার আগে কো-উইন অ্যাপের মাধ্যমে ১.৩৩ কোটি মানুষ নাম নথিভুক্ত করেছেন। পঁয়তাল্লিশের উর্দ্ধে বিনামূল্যে টিকাকরণের ব্যবস্থা হলেও ১৮-৪৫ বছর বয়সীদের টিকা করনের জন্য রাজ্য এবং টিকা প্রস্তুতকারী সংস্থা গুলিকে দাম নির্ধারণের ছাড়পত্র দিয়েছিল কেন্দ্র। তারপরই সেরাম টিকা প্রতি ৪০০ টাকা এবং ভারত বায়োটেক ৬০০ টাকা দাম নির্ধারণ করেছিল। যা পরে কেন্দ্র সরকারের অনুরোধে কিছুটা কমালেন সংস্থাগুলি।

