একমাসে দ্বিতীয় বার, ৫০ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম

আমাদের ভারত, ১৫ ফেব্রুয়ারি:পেট্রোল-ডিজেলের দাম প্রায় সেঞ্চুরি হাঁকাতে চলেছে। তার মধ্যেই আবারও মধ্যবিত্তের হেঁসেলে বড় ধাক্কা। ফেব্রুয়ারি মাসে এই নিয়ে দ্বিতীয়বার দাম বাড়ল রান্নার গ্যাসের। রবিবার এক লাফে ১৪.২ কেজি সিলিন্ডারে ৫০ টাকা করে দাম বাড়ানো হয়েছে। রাত বারোটা থেকে কার্যকর হয়েছে এই নতুন দাম।

এই দাম বৃদ্ধি ফলে দিল্লিতে গ্যাসের সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ৭৬৯ টাকা।কলকাতায় গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে হলো ৭৯৫.৫০ টাকা। এর আগে কলকাতায় সিলিন্ডার পিছু দাম ছিল ৭৪৫ টাকা।

এই দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি। পেট্রোল-ডিজেলের দাম গত কয়েকদিন ধরেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তার সঙ্গে এবার পাল্লা দিয়ে বাড়ল রান্নার গ্যাসের দাম। এই রান্নার গ্যাস তৈরি হয় অপরিশোধিত পেট্রোলিয়াম থেকেই। আর সেই কারণেই এই দাম বৃদ্ধি। দিনের-পর-দিন জ্বালানির দাম এভাবে লাগাতার বাড়তে থাকায় নাভিশ্বাস উঠতে শুরু করেছে আমজনতার। করোনার কারণে অর্থনৈতিক অবস্থা নিম্নমুখী। কাজ হারিয়ে অনেক মানুষই বেকার। সেখানে রান্নার গ্যাস ৮০০ টাকা ছুঁয়ি ছুঁয়ি।

এদিকে জ্বালানির দাম বৃদ্ধির ইস্যুকে সামনে রেখে ইতিমধ্যেই সুর চড়াতে শুরু করেছে বিরোধীরা। ওয়াকিবহাল মহলের মতে বিরোধীদের আন্দোলনের ঝাঁজ এরপর আরো বাড়তে পারে। অন্যদিকে কলকাতায় পেট্রোলের দাম ৯০ টাকা ছাড়িয়েছে, যা সর্বকালের রেকর্ড। অনেকেই এই পরিস্থিতি সামাল দিতে বাইক বাড়িতে রেখে সাইকেল চড়া শুরু করেছেন। এই ছবি শুধুমাত্র মফস্বল নয় কলকাতাতেও দেখা যাচ্ছে। যদিও এই চিত্র করোনা সংক্রমণ এড়াতে লকডাউন এরপর থেকেই দেখা গিয়েছিল। সাইকেল চালানোর প্রতি আগ্রহ বেড়েছে মানুষের। এখন তার সাথে তেলের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় সাইকেলের চাহিদা আরো বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *