অশোক সেনগুপ্ত
আমাদের ভারত, ৫ নভেম্বর: কলকাতা প্রেস ক্লাব ও বেশ কিছু সাংবাদিকের সঙ্গে সুব্রত মুখোপাধ্যায়ের সম্পর্ক ছিল দীর্ঘ অত্যন্ত ঘনিষ্ঠ। বিভিম্ন সময়ে তিনি ময়দানে এই ক্লাবের নানা অনুষ্ঠানে এসেছেন। আজ সে সব স্মৃতি।
পুরনো নথি থেকে দেখা যাচ্ছে পাঁচ দশক আগে ১৯৭২-এর ২৩ মার্চ তৎকালীন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায় আসেন ক্লাবে। সঙ্গে তাঁর দুই ঘনিষ্ঠ মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং ফজলে হক।
২০০১-এর ১৫ আগস্ট ক্লাবে এসেছিলেন প্রয়াত তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী তপন শিকদার ও মমতা বন্দ্যোপাধ্যায়। তিন প্রবীন সাংবাদিককে সম্বর্ধনা জানানো হয় ওই দিন। পুরসভায় দীর্ঘকালের সাংবাদিক ললিত ভরকে সম্বর্ধনা জানান সুব্রত মুখোপাধ্যায়। সঙ্গে ছিলেন আর এক জনপ্রিয় পুরপিতা রাজীব দেব।
২০০৩-এর ২২ জুলাই ক্লাব সংস্কারের পর নবরূপ-অনুষ্ঠানে এসেছিলেন সুব্রত মুখোপাধ্যায় ও মালা রায়। সে দিন পুরস্কার দেন তিন ক্রীড়াবিদ চুনী গোস্বামী, সুব্রত ভট্টাচার্য ও পিকে ব্যানার্জি। ৯ সেপ্টেম্বর শারদোৎসবে আসেন বুদ্ধদেব ভট্টাচার্য ও সুব্রত মুখোপাধ্যায়। ক্যারাম খেলায় অংশ নেন তাঁরা।
২০০৩-এর ২৬ জুলাই হল ক্লাবের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে এসেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, তপন শিকদার, কলকাতা পুরসভার মেয়র সুব্রত মুখোপাধ্যায় প্রমুখ।
২০০৫ সালের ১১ জানুয়ারি ক্লাবের সুবর্ণ জয়ন্তীর সূচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সঙ্গে মঞ্চে ছিলেন সুব্রত মুখোপাধ্যায় কলকাতার মেয়র হিসেবে। ২০০৫-এর বিশিষ্ট অতিথি-তালিকায় দেখছি সুব্রত মুখোপাধ্যায় এসেছিলেন ১৩ জুন। ২০১৬ সালে ৩০ জুন ইফতারে ক্লাবে আসেন সুব্রত মুখোপাধ্যায় ও সিদ্দিকুল্লা চৌধুরী।
এ ছাড়াও সুব্রতবাবু ক্লাবে এসেছেন। তবে, নথি ঘেঁটে তার সঠিক প্রমাণ বা দিনক্ষণ পাইনি। তবে ক্লাবের অনুষ্ঠানে সম্ভবত তাঁর সবচেয়ে উজ্জ্বল উপস্থিতি বাংলা সংবাদপত্রের ২০০ বছর উপলক্ষে ২০১৭-র ৩০ জুন রবীন্দ্র সদনে ওই দিন একটি বই প্রকাশ করেন তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। অনুষ্ঠানে মঞ্চে ছিলেন সুব্রতবাবু। লেখার সঙ্গে তার একটি ছবি।
‘জীবন স্মৃতি’-তে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, “স্মৃতির পটে জীবনের ছবি কে আঁকিয়া যায় জানি না। কিন্তু যেই আঁকুক সে ছবিই আঁকে। অর্থাৎ যাহা কিছু ঘটিতেছে, তাহার অবিকল নকল রাখিবার জন্য সে তুলি হাতে বসিয়া নাই।“ মানুষ চলে যায়। থেকে যায় তাঁর স্মৃতি। কখনও ব্যক্তির মনের অন্দরে, কখনও প্রতিষ্ঠানের ইতিহাসে। বিভিন্ন সময় প্রেস ক্লাবকে সহযোগিতার হাত উপুর করে দিয়েছেন সুব্রত মুখোপাধ্যায়। ক্লাব হারাল এক অত্যন্ত আপনজনকে।

