আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২০ মার্চ: দল বিরোধী কাজের জন্য পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সৌমেন মহাপাত্র কয়েকদিন আগে সাংবাদিক বৈঠক ডেকে তৃণমূল কংগ্রেস দল থেকে তিন বছরের জন্য বহিষ্কার করেছিল শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি দিবাকর জানা সহ ১০জন তৃণমূল কংগ্রেসের পদাধিকারীকে। বিধানসভা ভোটের প্রাক্কালে শহিদ মাতঙ্গিনী ব্লকে কাঁকটিয়া বাজার হিন্দু জাগরণ মঞ্চের ব্যানারে বহিষ্কৃত তৃণমূল নেতারা আজ মিছিল করেন। মিছিলে নেতৃত্ব দেন তৃণমূলের বহিস্কৃত শহিদ মাতঙ্গিনী ব্লক সভাপতি দিবাকর জানা। এখনকার বিধানসভা ভোটের আগে বহিষ্কৃত তৃণমূল নেতার প্রবল হিন্দুত্ববাদী মিছিলকে ঘিরে রাজনৈতিক মহলে চলছে নতুন করে জল্পনা। তবে এ নিয়ে সরাসরি মুখ খুলতে চাননি বহিস্কৃত তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির সভাপতি।


