কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: চন্দ্রকোনা ২ ব্লকের সদ্য নিযুক্ত তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি জগজিৎ সরকারকে মেনে নিতে না পেরে কয়েক হাজার তৃণমূল কর্মী বিক্ষোভ দেখালেন। বুধবার বিকেলে ওই ব্লকের তৃণমূল পার্টি অফিসের সামনে এই বিক্ষোভ হয়। বুথ এবং অঞ্চল সভাপতি সহ বিভিন্ন সংগঠনের নেতারা জগজিৎ বাবুকে সভাপতির পদে মেনে নিতে না পারার জন্য ইস্তফাপত্র দেন। বুধবার দুপুরে পিকের টিম নেতাদের সঙ্গে কথা বলার জন্য আসেন। রফা সূত্র বের করার চেষ্টা করলেও কোনও সমাধান মেলেনি, বরং পিকের টিমকে বিক্ষোভের মুখে পড়তে হয়।

মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি অজিত মাইতি সাংবাদিক সম্মেলনে বিভিন্ন ব্লকের সভাপতি, সহ সভাপতিদের নাম প্রকাশ করেন। চন্দ্রকোনা দুই ব্লকে সভাপতির পদ দেওয়া হয় জগজিৎ সরকারকে। এরপরই শুরু হয় বিক্ষোভ।
তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন, তারা তৃণমূলের জন্মলগ্ন থেকে এই দলে আছেন। কোনও যোগ্য ব্যক্তিকে সভাপতির পদ দিলে তাদের কোনো বিক্ষোভ থাকত না, কিন্তু একজন অযোগ্য সংগঠককে এই পদ দেওয়ার জন্য বিক্ষোভ শুরু হয়েছে। নেতৃত্ব আরও জানান, তারা এক সপ্তাহ অপেক্ষা করবেন, জেলা নেতৃত্বর সাথে আলোচনা করে যোগ্য ব্যক্তিকে ব্লক সভাপতির পদ দেওয়ার জন্য।


