স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৪ নভেম্বর: টলিউড ও বলিউড সেলেবদের উপস্থিতিতে জমজমাট রায়গঞ্জের কালীপুজো। গণেশ ও কালীর পৌরানিক কাহিনিকে থিম করে এবছর কালীপুজোর আয়োজন করে চমক দিয়েছে রায়গঞ্জের মিলনপাড়া এলাকার অনামি বয়েজ সুকান্ত ক্লাব। বুধবার রাতে ওই পুজো মণ্ডপের উদ্বোধন করেন টলিউডের অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

এবছর এই ক্লাবের পুজো ৬৩ তম বর্ষে পদার্পণ করেছে। ক্লাবের উপদেষ্টা রন্তু দাস জানিয়েছেন, গণেশ দেবতার আশীর্বাদ ও কালীদেবতার শক্তিতে ব্রহ্মান্ড চলছে বলে পৌরানিক কাহিনি রয়েছে। এই বিশ্বাসকে থিম করে মণ্ডপ তৈরি করা হয়েছে।

অন্যদিকে, রায়গঞ্জের উকিলপাড়া আদর্শপল্লি এলাকার রামকৃষ্ণ সঙ্ঘের কালীপুজোর মণ্ডপের উদ্বোধন করেন বলিউডের অভিনেত্রী আমিশা প্যাটেল। এই ক্লাবের পুজো এবছর ৫০ তম বর্ষে পদার্পণ করেছে। করোনার সংক্রমণ ছড়ানো রুখতে বাসিন্দাদের সচেতনতার বার্তা দিতে ‘করোনা বধ’ থিম করে এবছর কালীপুজোর আয়োজন করেছে ওই ক্লাব।

