স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৬ আগস্ট: একশো আটটি শিবলিঙ্গ, আদ্যাশক্তির আট রকমের রূপ দিয়ে এবারে পুজো মন্ডপ সাজাতে চলেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের ঐতিহ্যবাহী দুর্গোৎসব কমিটি “বিপ্লবী”। এবছর বিপ্লবী ক্লাবের দুর্গোৎসব ৫৪ তম বর্ষে পদার্পন করল।
প্ল্যাস্টিক বর্জনের প্রচারকে সামনে রেখে এবছর বিপ্লবী ক্লাবের পূজো মন্ডপ তৈরী হচ্ছে কাগজের থালা, বাটি, গ্লাস দিয়ে। মন্ডপে থাকছে জেলার নানান হস্তশিল্প, মৃৎশিল্প এবং কুটির শিল্পের সমাহার। মন্ডপের বহিরাংশ তৈরি করা হবে বাঁশ ও বেতের কাজ দিয়ে। মন্ডপের পাশাপাশি রায়গঞ্জের কুমোরটুলির প্রতিমা এবং চন্দননগরের সুদৃশ্য আলোকসজ্জা সজ্জিত থাকবে পুজো মন্ডপ সহ সমগ্র এলাকা।

এবারে রায়গঞ্জ শহরের অন্যতম সেরা দুর্গাপুজা বিপ্লবী ক্লাবের পুজোর আনুমানিক বাজেট ১৫ থেকে ২০ লক্ষ টাকা ধার্য করা হয়েছে। নান্দনিক দৃষ্টিনন্দন এই পুজো দেখতে প্রচুর দর্শনার্থীদের আগমন ঘটবে বলে আশা পুজো উদ্যোক্তাদের।

