জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৯ মার্চ: রেলশহর খড়্গপুরে জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী কাল ২০ মার্চ সুভাষপল্লী সংলগ্ন বিএনআর ময়দানে ওই সভা হবে। সভার আয়োজন নিয়ে ইতিমধ্যেই দলীয় ও প্রশাসনিক স্তরে প্রস্তুতি সেরে ফেলা হয়েছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, ওই দিন প্রধানমন্ত্রী পশ্চিম মেদিনীপুর জেলার ১৫টি বিধানসভা ও ঝাড়গ্রাম জেলার ৪টি বিধানসভার দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন। দলের তরফে মাঠে প্রচুর কর্মী সমর্থক নিয়ে আসার পরিকল্পনা করা হচ্ছে। পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের তরফে অতিরিক্ত জেলাশাসক সুদীপ সরকার, অতিরিক্ত পুলিশ সুপার রাণা মুখার্জি, মহকুমাশাসক আজমল হুসেন, এসডিপিও দীপক সরকার সহ কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা সভাস্থল পরিদর্শন করেন। জনসভায় সম্ভাব্য ভিড়ের কথা মাথায় রেখে সভাস্থলের পাশাপাশি শহরে প্রবেশ এবং নির্গমনের ব্যবস্থা খতিয়ে দেখেন তাঁরা।
বিজেপির রাজ্য সম্পাদক তুষার মুখোপাধ্যায় বলেন, সভায় রেকর্ড ভিড় হবে একথা কমিশনকে জানানো হয়েছে। জনসভায় কর্মী সমর্থকদের নিয়ে আসা গাড়িগুলি পার্কিংয়ের পরিকল্পনা করা হচ্ছে। তিনি বলেন, সভায় রেকর্ড ভিড় হবে। সেভাবেই সমস্ত পরিকল্পনা করা হচ্ছে। উল্লেখ্য, গত বিধানসভাতেও প্রধানমন্ত্রী খড়্গপুর সদরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে প্রচারে এসেছিলেন।

