দুর্গোৎসবে মহিলা ঢাকিদের অশোকনগরে চলছে প্রস্তুতি প্রশিক্ষণ

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১২ সেপ্টেম্বর: এবারের দুর্গাপুজোয় মহিলা ঢাকিদের ঢাকের তালে পা মেলাবেন আদিবাসী মহিলারা। সঙ্গে নানা নাচের ধরন। পুজোর মুখে এখন উত্তর ২৪ পরগনার অশোকনগরে তারই প্রশিক্ষণ চলছে জোর কদমে।

করোনার কারণে গত দু’ বছর ঢাকিদের চাহিদা ছিল কম। কারণ, অনেক জায়গাতেই পুজোর আয়োজন হয়েছে একেবারে ছোট করে। এবছর পরিস্থিতির বদল ঘটেছে। এবছর অনেক জায়গাতেই পুরনো ছন্দে পুজোর আয়োজন হচ্ছে।

আর পুজো মানেই ঢাকের শব্দ। সেক্ষেত্রে এবারে মহিলা ঢাকিরাও ডাক পেয়েছেন অনেক পুজো মন্ডপে। রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি দিল্লি থেকেও বায়না এসেছে। এবছর নতুনত্ব আনতে মহিলা ঢাকিদের সঙ্গে নৃত্যের তালে পা মেলাবেন আদিবাসী মহিলারা। শুধু তাই নয়, বাজনাকে আরও আকৃষ্ট করে তুলতে কলসি মাথায় নিয়ে, ঢাকের উপর দাঁড়িয়ে ঢাক বাজাবেন মহিলা ঢাকিরা। এখন তারই জোর প্রস্তুতি চলছে অশোকনগরের নট্টপাড়ায়। পুজোর সময় রাজ্যের নানা পুজো মন্ডপ মাতিয়ে তুলতে এখন প্রস্তুত হচ্ছেন এলাকার ১৫০ জন মহিলা ঢাকি।

ঢাকিরা জানিয়েছে, দুই বছর করোনার কারণে ঢাক বাজানো বন্ধ ছিল। অনেক যুদ্ধ করে সংসার চালিয়েছি। সরকার থেকে তেমন কোনো সাহায্য পাইনি। আমাদের জন্য সরকার যদি একটু ভাবতো তাহলে আগামী দিনে এই ঢাক বাজিয়ে জীবিকা করে তুলতে পারবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *