আমাদের ভারত, ৭ ফেব্রুয়ারি: সিনে দুনিয়ার অসামান্য অবদানের জন্য পদ্মশ্রী পাচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে বাংলার মেগাস্টারকে পদ্ম সম্মানে ভূষিত করার কথা ঘোষণা করেছে কেন্দ্র সরকার। সেই প্রেক্ষিতেই ফুলের তোড়া, উত্তরীয় ও মিষ্টি নিয়ে প্রসেনজিতের বাড়িতে শুভেচ্ছা জানাতে উপস্থিত হন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁর সঙ্গে ছিলেন রাজ্য বিজেপি সাংস্কৃতি বিভাগের প্রধান তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ। পদ্মশ্রীপ্রাপক অভিনেতাকে একটি রামমূর্তি উপহার দেন সুকান্তবাবু। আর সে খবর ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে গিয়েছে। প্রশ্ন উঠেছে কী কথা হয়েছে তাদের মধ্যে? সামনেই ভোট, এর পিছনে কি নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হলো?
এর মধ্যে ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় উন্নয়নের পাঁচালি হাতে উপস্থিত হয়েছিলেন অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়িতে। এবার সুকান্ত মজুমদার গেলেন প্রসেনজিতের বাড়িতে। তাহলে ভোটের আগে কি প্রসেনজিতকে নিয়ে বিজেপির নতুন করে সমীকরণ তৈরি হচ্ছে? প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে আসার পর সুকান্ত মজুমদারকে সেই প্রশ্ন করেন সাংবাদিকরা। সুকান্ত মজুমদার স্পষ্ট ভাষাতেই বলেন, এটা নেহাতই সৌজন্য সাক্ষাৎকার। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পদ্মশ্রী সম্মান পাচ্ছেন, তাই তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাতেই তার বাড়িতে আগমন। এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই।
বুম্বাদার হাতে বিজেপি নেতা অযোধ্যা থেকে আনা একটি রামলালার মূর্তিও তুলে দেন। বেশ কিছুক্ষণ কথা হয় দু’জনের মধ্যে। সুকান্তবাবু জানান, মূলত সিনেমা নিয়েই কথা হয়েছে তাদের।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে সুকান্তবাবু বলেন, সবকিছুর পিছনে রাজনীতি খুঁজতে যাবেন না। এই সাক্ষাৎ একেবারেই রাজনৈতিক নয়। পদ্মশ্রী পাওয়ার কারণেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে সংবর্ধনা জানাতে এসেছিলাম। সিনেমা হলেও তাঁর নতুন সিনেমা দারুন ব্যবসা করছে। প্রার্থনা করবো এভাবেই তাঁর উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক।
সুকান্ত মজুমদার জানান, যারা পদ্ম পুরস্কার পান আমরা তাদেরকে প্রতিবছরই অভিনন্দন জানাতে চাই। আজ আমার সৌভাগ্য যে, বাংলা সিনেমার মহীরুহ যাকে বলা হয়, তার পদ্ম পুরস্কার পাওয়া উপলক্ষে অভিনন্দন জানাতে পেরেছি। যেভাবে বিগত ৪০ বছর ধরে উনি বাংলা সিনেমার সেবা করে গিয়েছেন, তাঁকে সম্মান ও স্বীকৃতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এটা বাংলার জন্য সম্মানের। আমাদের জন্য সম্মানের। ওকে রাজনীতির সঙ্গে জড়াবেন না, বুম্বাদা রাজনীতির ঊর্ধ্বে। তাঁর মতে বুম্বাদা শিল্পী হিসেবেই থাকবেন। ফলে আপাতত সুকান্তবাবুর এই বক্তব্য থামিয়ে দিয়েছে ভোট আবহে তৈরি হওয়া যাবতীয় জল্পনা।

