মননশীল শিল্পকলার গ্রন্থ লেখার ওপর পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির “মনোজ মোহন বসু” স্মারক সম্মান পেলেন পানাগড়ের ব্যবসায়ী প্রকাশ দাস

জয় লাহা, দুর্গাপুর, ১১ জানুয়ারি: বিগত ৪০ বছর ধরে লিটিল ম্যাগাজিনের সম্পাদনা করছেন। একইসঙ্গে মননশীল শিল্পকলার ওপর গ্রন্থ লিখেছেন। আর তাঁর লেখার ওপর এবারে পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির “মনোজ মোহন বসু” স্মারক সম্মান পেলেন প্রকাশ দাস। বুধবার কলকাতার নন্দনে তাঁর হাতে ওই সম্মাননা তুলে দেওয়া হয়।

প্রকাশ দাস এই সময়ের একজন গুরুত্বপূর্ণ শিল্পকলা বিশেষজ্ঞ। কাঁকসার পানাগড় গ্রামের বাসিন্দা। ছাত্রজীবন থেকেই নানান সংস্কৃতি জগতের সঙ্গে জড়িয়ে রয়েছেন পেশায় ঔষধ ব্যবসায়ী। পানাগড় দার্জিলিং মোড়ে তাঁর ঔষধের দোকান। ব্যাবসার পাশাপাশি শিল্প সাহিত্য জগতের সঙ্গে জড়িত। এছাড়াও কাঁকসা ও পানাগড়ে পরিবেশ ও জলসংরক্ষন আন্দোলনে অগ্রনী ভূমিকায় রয়েছেন। তাঁর লেখা বিভিন্ন গ্রন্থ রয়েছে।

রামকিঙ্কর বেজ, ভারতবর্ষের প্রথম আধুনিক ভাস্কর। ১৯৮৫ সালে এই বিষয় নিয়ে তিনি লেখেন ‘রামকিঙ্কর’। ১৯৯৩ সালে ‘রামকিঙ্কর ড্রইং’ লেখেন তিনি। চিত্তপ্রসাদ, চল্লিশের দশকে শিল্পকলা আন্দোলনের প্রধান শিল্পী ছিলেন। ২০১১ সালে তাঁর ওপর গ্রন্থ লেখেন। গণেশ হালুই, আন্তর্জাতিকমানের স্বাধীন ভারতের প্রথম সারির নৈঃশব্দের চিত্রকর ছিলেন। ২০১৪ সালে তাঁর ওপর গ্রন্থ সম্পাদনা করেছেন। এছাড়াও নানান গবেষণামূলক গ্রন্থ লিখেছেন। এছাড়াও প্রায় ৩৮ বছর ধরে সোমনাথ হোড়, বিনোদবিহারী মুখোপাধ্যায়, দিনকর কৌশিক, শৈলজ মুখোপাধ্যায়, শ্যামল দত্তরায়, কে.জি. সুব্রম্মণ্যন, প্রকাশ কর্মকার, রবীন মন্ডল, রামানন্দ বন্দোপাধ্যায়কে নিয়ে লেখালিখি করে গেছেন।

এছাড়াও তাঁর লেখা কবিতা ১৯৮৫ সালে ভাতগুলি ফুলগুলি। ১৯৯০ সালে লিখেছেন ‘তিনি ওই মাঠের দেবতা’ সহ একাধিক কবিতা তাঁর লেখা রয়েছে। এছাড়াও কবিতার কাল ও কালান্তর প্রবন্ধ। গত ৪০ বছর ধরে স্বকাল নামে সাহিত্য শিল্পকলা বিষয়ক লিটল ম্যাগাজিনের সম্পাদনা করছেন। ২০১৪ সালে পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমী লিটিল ম্যাগাজিন পুরস্কার দিয়েছে। এছাড়াও বাকচর্চা, রামকিঙ্কর শতবর্ষ সম্মাননা, সুনীলেন্দু রায় স্মৃতি পুরস্কার, বর্ণমালা সাহিত্য সম্মাননা সহ একাধিক পুরস্কার সম্মান পেয়েছেন। এবার মননশীল শিল্পকলার গ্রন্থ লেখার ওপর, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি “মনোজ মোহন বসু” স্মারক সম্মানে সম্মানিত করলেন প্রকাশ দাসকে। বুধবার কলকাতার নন্দনে পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি আয়োজিত লিটল ম্যাগাজিন মেলায়  “মনোজ মোহন বসু” স্মারক পুরস্কারে সম্মানিত করা হয়।

এদিন প্রকাশবাবু জানান, “আমি অভিভূত। খুব ভালো লাগছে। এই সম্মান দেওয়ার জন্য কৃতজ্ঞ।” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *