নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ২৯ এপ্রিল: ভোট শেষ না হতেই সাধন পান্ডের মুখে বিজেপির গুনগান। আজ উত্তর কলকাতার মানিকতলা কেন্দ্রে চলছে ভোট গ্রহণ। ভোটগ্রহণের মাঝেই তৃণমূল প্রার্থী সাধন পান্ডের মুখে শোনা গেল বিজেপির প্রশংসা।
মানিকতলায় সকাল থেকেই অশান্তি শুরু হয়েছে বিজেপি ও তৃণমূলের। শাসক দলের বিরুদ্ধে অভিযোগ, বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে হেনস্থা করা হয়েছে। সেই প্রসঙ্গে সাধন পান্ডে বলেন, আমার এলাকার বিজেপির লোকেরা খারাপ নয়। সবাই মিলেমিশে চলে। কিন্তু কল্যাণ চৌবে লোকটা খারাপ। বিজেপি প্রার্থী সকাল বেলা থেকেই অশান্তি ছড়াচ্ছে মানিকতলায়। বিজেপি খারাপ না হলেও লোকটা আমার কাছে খারাপ। স্বভাবত সাধন পান্ডের মুখে এমন কথা শুনে হতবাক হয়ে যান তৃণমূল কর্মীরা।
অন্যদিকে বেলা বাড়তেই সাধন পান্ডের মুখে শোনা গেল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে হুংকার। তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় বাহিনী ভোটারদের উপর অত্যাচার করছে। কোথাও মেরে হাত ভেঙ্গে দিয়েছে। দুর্ভাগ্যজনক ঘটনা ঘটাচ্ছে। এমনটা চলতে পারে না। কেন্দ্রীয় বাহিনী এমনটা করলে আমরা চুপ করে বসে থাকব না। এক প্রকার কেন্দ্রীয় বাহিনীর উদ্দেশ্যে হুংকার তুলে সাধন পান্ডে বলেন, এরপর আমার ছেলেরাও যা করার করবে। তারপর দেখা যাবে কি হয়।

