প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি প্রাপক ন্যায্য কিনা, দেখতে গিয়ে চুড়ান্ত হেনস্থার শিকার মহিলা সরকারি আধিকারিক-সহ ২

( ছবি- মারধরের ঘটনায় ধৃত ব্যক্তি)
আমাদের ভারত, ৮ ডিসেম্বর: প্রধানমন্ত্রী আবাস যোজনায় কারা ঘর পেয়েছেন, সরেজমিনে তা খতিয়ে দেখতে গিয়ে হাওড়ার আমতার গাজিপুরে মহিলা সরকারি আধিকারিক-সহ ২ জনকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীর বিরুদ্ধে। বিষয়টি একের পর এক টুইট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিভিন্ন মহলে ঘটনায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। এরপর
শুক্রবার আমতা থানার পুলিশ এক অভিযুক্তকে গ্রেফতার করে।

হাওড়ার আমতায় উদাং দু’নম্বর গ্রাম পঞ্চায়েতে বৃহস্পতিবার সন্ধ্যায় আবাস যোজনা প্রকল্পের পরিদর্শনে গিয়েছিলেন সরকারি আধিকারিক সোমদত্তা দাশগুপ্ত। সেখানে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে বলে অভিযোগ। তাকে বাঁচাতে গেলে সঙ্গে থাকা আর এক সরকারি কর্মচারীকেও হেনস্থা করা হয় বলে অভিযোগ। এই বিষয়ে এফআইআর দায়ের করা হয়েছে।

সোমদত্তা দাশগুপ্ত মৎস্য দপ্তরের একজন আধিকারিক। সরকারি কাজে গিয়ে এহেন হেনস্থার বিরুদ্ধে সোচ্চার হয়েছে তার দপ্তরও। অদূর ভবিষ্যতে এ ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্লক ও স্থানীয় পর্যায়ে মৎস্য কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি উঠেছে।

মৎস্য দফতরের অধিকর্তাকে লেখা সহকারি অধিকর্তার এই অভিযোগ জেলাশাসককেও সরকারিভাবে জানানো হয়েছে। শুক্রবার সেই চিঠি যুক্ত করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইটে লেখেন, “লজ্জাজনক। সরকারি কর্মকর্তা, যিনি একজন ভদ্রমহিলাও, পিএমএওয়াই-জি স্কিমের জন্য পরিদর্শনের সময় টিএমসি গুন্ডাদের দ্বারা প্রহৃত হন। দয়া করে মনে রাখবেন যে সরকারি চিঠিপত্রে ‘পিএমএওয়াই-জি’-কে ‘আবাস প্লাস’ হিসাবে উল্লেখ করা হয়েছে৷ পশ্চিমবঙ্গ সরকার এখনও ‘প্রধানমন্ত্রী’ শব্দ ব্যবহার করতে নারাজ।” টুইটটিতে শুভেন্দুবাবু যুক্ত করেছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়কেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *