পিপিপি মডেল রাজ্যে চলবে স্কুল, খসড়া তৈরি করছে রাজ্য সরকার

আমাদের ভারত, ১৬ ফেব্রুয়ারি: এবার পিপিপি মডেল রাজ্যে স্কুল খোলার ভাবনা চিন্তা শুরু হয়েছে। স্কুল শিক্ষা দপ্তরের থেকে ইতিমধ্যে সেই খসড়া তৈরি করা হয়েছে বলে সূত্রের খবর। খসড়াটি সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরে পাঠানো হবে, তারপরে চূড়ান্ত খসড়া রাজ্য মন্ত্রিসভায় পেশ করা হবে।

পিপিপি মডেলে স্কুল চালানোর যে খসড়া স্কুল শিক্ষা দপ্তর তৈরি করেছে, তাতে বেসরকারি সংস্থাগুলোকে সরকারি জমি, বাড়ি, পরিকাঠামো ব্যবহারের অনুমতি দেওয়ার কথা বলা হয়েছে। খসড়া অনুযায়ী স্কুল ভবন এবং পরিকাঠামো তৈরীর জন্য বেসরকারি সংস্থা লগ্নি করবে। অর্থাৎ স্কুলগুলির যে পরিকাঠামোগত ক্ষেত্রগুলি রয়েছে সেগুলিকে কোন এক বেসরকারি লগ্নিকারীর হাতে তুলে দেওয়ার চিন্তাভাবনা চলছে।

আর এতেই প্রশ্ন উঠেছে, শিক্ষাব্যবস্থার কি বেসরকারিকরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে? সে প্রশ্নের উত্তরে একাংশের শিক্ষাবিদরা বলছেন, না শুধুমাত্র কয়েকটি নির্দিষ্ট জায়গাতেই বেসরকারি লগ্নির ব্যবস্থা হবে। যেমন লগ্নিকারী সংস্থাগুলি শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মী নিয়োগ করতে পারবে, পড়াশোনার খরচ এবং অন্যান্য খরচ ধরে স্কুল ফী নির্দিষ্ট হবে। তবে পুরো বিষয়টি এখনও খসড়া পর্যায়ে রয়েছে। চূড়ান্ত অনুমোদনের কোনো পদক্ষেপই এখনো করা হয়নি।

জানা যাচ্ছে নিলামের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার নির্দিষ্ট কিছু অংশ বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার চিন্তাভাবনা চলছে। রাজ্য সরকার মনে করছে পিপিপি মডেল নিয়ে এলে শিক্ষাব্যবস্থার হাল ফিরতে পারে। কিন্তু একটা বড় অংশের শিক্ষাবিদদের মতে, এটা এক ধরনের বেসরকারীকরণের দিকেই শিক্ষাব্যবস্থাকে নিয়ে যাওয়া হচ্ছে। তাদের মতে সাধারণ মানুষ, গরীব মানুষ, প্রান্তিক শ্রেণীর মানুষ যারা সরকারি শিক্ষা ব্যবস্থার ওপর এতদিন ধরে নির্ভরশীল ছিল তার জায়গায় অর্থভেদে শিক্ষাব্যবস্থা চালু করার ভাবনা রাজ্য সরকার নিচ্ছে। সরকারি শিক্ষা ব্যবস্থার ওপর এই রাজ্যের বিশাল সংখ্যক মানুষ এতদিন ধরে নির্ভরশীল। শিক্ষা ক্ষেত্র থেকে সরকার দায়িত্ব থেকে ঝেড়ে ফেলে বেসরকারি মালিকদের হাতে স্কুলশিক্ষককে তুলে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলেই তারা অভিযোগ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *