সাগরদত্ত মেমোরিয়াল হাসপাতাল চত্বরে যত্রতত্র পড়ে স্বাস্থ্য কর্মীদের ব্যবহৃত পিপিই কিট ও গ্লাভস, আতঙ্কিত রোগী ও তাদের আত্মীয়রা

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২২ মে: কামারহাটি কলেজ অফ মেডিসিন এন্ড সাগরদত্ত হাসপাতাল চত্বরে যত্রতত্র স্বাস্থ্য কর্মীদের ব্যবহৃত পিপিই কিট ও গ্লাভস পড়ে থাকায় আতঙ্কিত হয়ে পড়ছেন হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও তাদের আত্মীয়রা। কামারহাটি সাগর দত্ত হাসপাতালটি ব্যারাকপুর মহকুমার একটি অন্যতম গুরুত্বপূর্ণ হাসপাতাল। বর্তমানে করোনা হাসপাতাল হিসেবে জেলার করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা চলছে সাগর দত্ত হাসপাতালে। সম্প্রতি হাসপাতালে ঢুকতেই রাস্তার ধারে যেখানে সেখানে এই হাসপাতাল থেকে বের হওয়া আবর্জনা, ব্যবহৃত পিপিই কিট ও গ্লাভস পড়ে থাকায় সমস্যায় পড়ছেন হাসপাতালে আসা রোগী ও রোগীর আত্মীয়রা। পড়ে থাকা এই আবর্জনার দুর্গন্ধে নাভিঃশ্বাস উঠছে রোগীর আত্মীয় ও স্থানীয় মানুষদের। রোগীর আত্মীয়দের ওই নোংরা আবর্জনার মধ্য দিয়ে রোজ হাসপাতালে যাতায়াত করতে হচ্ছে।

করোনা পরিস্থিতিতে যেখানে সেখানে পড়ে থাকা পিপিই কিট ও গ্লাভস দেখে আতঙ্কিত হয়ে পরছেন তারা। ওই ব্যবহৃত পিপিই কিট ও গ্লাভস থেকে করোনা ও অন্যান্য জীবাণু ছড়াতে পারে বলে মনে করছেন রোগীর আত্মীয়রা। দিনের পর দিন হাসপাতাল চত্বর ও তৎসংলগ্ন এলাকায় আবর্জনার স্তুপ পরিষ্কার করার ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষর বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ এনে
সাগর দত্ত হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগী ও রোগীর আত্মীয়রা বলেন, “এই নোংরা আবর্জনাগুলি সরিয়ে নিয়ে যাওয়ার কথা হাসপাতালের সাফাই কর্মীদের বারবার বলা হলেও তারা কোনও ব্যবস্থা নেননি।
এমন কি পৌরসভাও উদাসীন ফলে এই পিপিই কিট থেকে রোগ ছড়িয়ে পড়তে পারে। কিন্তু আমাদের এই দুর্গন্ধের মধ্যে দিয়েই যেতে হচ্ছে হাসপাতালে।”

তবে এবারও এ বিষয়ে জানতে চাওয়া হলে হাসপাতাল কর্তৃপক্ষ কোনও প্রতিক্রিয়া দেয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *